সংলাপের 'বোধ' দেখা যাবে শিল্পকলায়

একটি বোধহীন সমাজ ব্যবস্থায় পিতা ঘিসু এবং পুত্র মেধো বেঁচে থাকার লড়াইয়ে পর্যদুস্ত। ক্ষুধা তাদের করে তুলেছে অমানবিক, স্বার্থপর পশুসম। বেঁচে থাকার লড়াইয়ে সম্পর্কের বন্ধন কোন কার্যকর ভূমিকা রাখে না তাদের জীবনে। সামান্য কয়েকটি সেদ্ধ আলু নিয়ে পিতা-পুত্রের লড়াই। নিজের সন্তানসম্ভবা পুত্রবধূর অতিসামান্য খাদ্য কেড়ে নিতে ঘিসু উদ্বুদ্ধ করে পুত্র মেধোকে। মেধোও বোধহীন এক জন্তুর মতো কেড়ে নেয় সেই সামান্য খাবার।
এই বোধ নিয়ে সংলাপ নাট্যদলের নতুন নাটক বোধ। মারাঠি গল্পকার মুন্সী প্রেমচাঁদের ‘কঙ্কণ’ গল্প থেকে তৈরি হয়েছে ‘বোধ’ নাটকটি। অনুবাদ করেছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা।
সংলাপ নাট্যদলের সাধারন সম্পাদক মাসুদ আলম বাবু জানান, গত মার্চ মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জলসিঁড়ি নাট্যোত্সবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। আজ ১২ আগস্ট সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে নাটকটির ২য় মঞ্চায়ন হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মোঃ হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মোঃ মাইনুল ইসলাম।
৩০ বছরের বেশি সময় ধরে মঞ্চে কাজ করছে নাট্যদল সংলাপ। বোধ এই দলটির ২৬তম প্রযোজনা।