সনদ আয়োজনে ভরতনাট্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট মিলনায়তনে ২০১৫ সালে কল্পতরুর ভরতনাট্যম উৎসবের পরিবেশনা ‘রঙ্গপ্রবেশ’
ছায়ানট মিলনায়তনে ২০১৫ সালে কল্পতরুর ভরতনাট্যম উৎসবের পরিবেশনা ‘রঙ্গপ্রবেশ’

ঢাকায় ভরতনাট্যম, মণিপুরি এবং কত্থক নাচের পরিবেশনা দেখা যাবে আগামী শনিবার সন্ধ্যায়। নৃত্য প্রশিক্ষণকেন্দ্র কল্পতরু ও সাধনার শিল্পীরা পরিবেশন করবেন এই শাস্ত্রীয় নৃত্য। কল্পতরুর শিক্ষার্থীদের ভরতনাট্যমে ডিপ্লোমার সনদ ও পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজন করা হয়েছে এ নৃত্যানুষ্ঠান। 

শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে নয় বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন কল্পতরুর প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যা সাতটায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে তাঁদের সনদ দেওয়া হবে। এ আয়োজনে শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার তুলে দেবে কল্পতরু এবং ভারতের ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশন।
২০০৮ সালে ঢাকায় কার্যক্রম শুরু করে কল্পতরু। অধ্যক্ষ লুবনা মারিয়াম এবং নৃত্যগুরু অমিত চৌধুরীর কাছ থেকে তালিম নিয়ে তরুণ নৃত্যশিল্পীরা দেশে-বিদেশে ভরতনাট্যম পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। নির্দিষ্ট অধিবেশনে ভারত থেকে আসা গুরুদের পরিচালনায় লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁরা যোগ দিয়েছেন ভারতের প্রখ্যাত বেশ কজন ভরতনাট্যম শিল্পী এবং নৃত্যগুরুর কর্মশালায়। ডিগ্রিধারী সাত শিক্ষার্থী হলেন জুয়েইরিয়াহ মৌলি, সুদ্ধা শ্রীময়ী দাস, পারিসা ওমর, আভিয়া খান, আনিস্তা খান, শাম্মী আক্তার ও তাহসিন সাবা।
সনদ প্রদানের পরে অমিত চৌধুরীর নির্দেশনায় কল্পতরুর শিল্পীরা পরিবেশন করবেন ভরতনাট্যম প্রযোজনা ‘নৃত্যার্পণ’। এ ছাড়া থাকবে সাধনার শিল্পীদের পরিবেশনায় মণিপুরি এবং কত্থক নৃত্য। উপস্থিত থাকবেন তবলাশিল্পী পণ্ডিত তন্ময় বোস। অনুষ্ঠানটি যে–কেউ উপভোগ করতে পারবেন।