সন্ধ্যায় মূল্যবোধের দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নটনন্দন’ নাটকের একটি দৃশ্য
‘নটনন্দন’ নাটকের একটি দৃশ্য

‘নটনন্দন’ ও ‘সপ্তর্ষী’ নাটক দুটি দেখা যাবে আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। এ দুই নাটক দিয়েই শুরু হবে ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬ ’। জাতীয় পর্যায়ে মূল্যবোধ জাগানোর এ নাট্যোৎসবের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জাতির মূল্যবোধ সংকটে এ নাট্যোৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। এতে পালাক্রমে ৬৪ জেলার শিল্পকলা একাডেমির মূল্যবোধের নাটক মঞ্চস্থ হবে। শুরুতে ২০টি জেলার ২০টি নাটক নিয়ে আজ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব। আজ সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে তাতে বিশেষ অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বিশ্ব কেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। 

আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হচ্ছে শামীম সাগরের নির্দেশনায় কুষ্টিয়া জেলার নাটক ‘নটনন্দন’ ও শাহীনুর রহমানের নির্দেশনায় জামালপুর জেলার নাটক ‘সপ্তর্ষী’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় থাকবে তারেকুজ্জামানের নির্দেশনায় দিনাজপুর জেলার নাটক ‘উপলব্ধি’, সন্ধ্যা ৭টায় শরীফ চৌধুরীর নির্দেশনায় চাঁদপুর জেলার নাটক ‘প্রিয় দর্শন’ ও রাত ৮টায় বাকার বকুলের নির্দেশনায় ঢাকা জেলার নাটক ‘মুল্লুক’।