সবাইকে এক হয়ে সংস্কৃতিচর্চা করতে হবে- সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনীতে নৃত্য পরিবেশন করছে স্পন্দনের শিল্পীরা । ছবি আশরাফুল আলম
উদ্বোধনীতে নৃত্য পরিবেশন করছে স্পন্দনের শিল্পীরা । ছবি আশরাফুল আলম

‘শিশুদের শুধু লেখাপড়ায় আবদ্ধ রাখলে হবে না। তাদের সংস্কৃতিচর্চাও করতে হবে। তাহলে মানবিক, অসাম্প্রদায়িক ও সোনার বাংলা গড়ে উঠবে। দেশে এখন আর শিক্ষার্থী নেই, সবাই পরীক্ষার্থী। এ অবস্থার উত্তরণ প্রয়োজন। নতুন প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সবাইকে এক হয়ে সংস্কৃতিচর্চা করতে হবে’।
নৃত্য সংগঠন স্পন্দনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি আসাদুজ্জামান নূর এ মন্তব্য করেন। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে বসে আয়োজন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। স্পন্দনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন।
আয়োজনের উপলক্ষ—নৃত্য সংগঠন। নূপুরের ছন্দে ছন্দে ছিল স্পন্দনের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। তবে এসব কিছু ছাপিয়ে একটা মানুষ হয়ে উঠলেন আয়োজনের মধ্যমণি। তিনি নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু। দীর্ঘদিন ধরে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন দেশের নৃত্যশিল্পীদের। কৃতি এই মানুষকে সম্মাননা প্রদান ছাড়াও স্পন্দনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণও ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন।
আয়োজনের শুরুতেই স্পন্দনের ‘এ’ দলের শিক্ষার্থীরা ‘চাঁদ উঠেছে ওই ফুল ফুটেছে ওই’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এর পর ‘বি’ দলের শিক্ষার্থীরা ‘টুপটাপ টাপুরটুপুর বৃষ্টি পড়ে’, ‘সি’ দলের শিক্ষার্থীরা ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘ডি’ দলের শিক্ষার্থীরা ‘কমলা সুন্দরী’ এবং ‘ই’ ও ‘এফ’ দলের শিক্ষার্থীরা ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এর পর স্পন্দনের অঙ্গ সংগঠন পল্লবীর নৃত্যশিল্পীরা ‘বনের হরিণ যায় রে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে সংগঠনের জ্যেষ্ঠ শিল্পীরা। কবিগুরু ‘প্রাণ-বরিয়ে তৃষ্ণা হরিয়ে’ গানের সঙ্গে তারা নৃত্য পরিবেশন করে। এর পর ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে সঙ্গে নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনুকে সম্মাননা প্রদান করা হয়।

দলীয় নৃত্য
দলীয় নৃত্য

সম্মাননা গ্রহণ করে রাহিজা খানম ঝুনু বলেন, ‘এ সম্মাননা, এ সংবর্ধনা পেয়ে আমি আনন্দিত। নৃত্যচর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। একদিন আমি থাকবো না। কিন্তু নতুন প্রজন্মের নৃত্যশিল্পীরা যদি অধ্যবসায় ও সৃজনশীলতায় এ শিল্পকে এগিয়ে নিয়ে যায়, তাহলে তাদের কাজের মধ্যে আমি বেঁচে থাকবো।’
সম্মাননা পর্ব শেষে স্পন্দনের শিল্পীরা পরিবেশন করে নৃত্যনাট্য ‘জন্মেছি এই দেশে’। যার গ্রন্থনা করেছে মাহমুদ সেলিম। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অনিক বোস। সবশেষে স্পন্দনের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।