সবার জন্য 'অনামিকা সাগরকন্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনামিকা সাগরকন্যা’ নৃত্যনাট্যের একটি দৃশ্যে পূজা সেনগুপ্ত
‘অনামিকা সাগরকন্যা’ নৃত্যনাট্যের একটি দৃশ্যে পূজা সেনগুপ্ত

অনামিকা সাগরকন্যা একজন প্রেমিকের গল্প; প্রেমের জন্য যে সারা পৃথিবীর নানা সভ্যতা ও সংস্কৃতি পরিভ্রমণের মধ্য দিয়ে তাঁর স্বপ্নসুন্দরকে খুঁজছে। কখনো বনলতা আবার কখনো মালবিকাকে। এই নিয়েই পূজা সেনগুপ্তের নৃত্যনাট্য ‘অনামিকা সাগরকন্যা’। ১১ নভেম্বর প্রথমবারের মতো এর প্রদর্শনী হবে দর্শনীর বিনিময়ে।
পূজা জানান, ২০১৪ সালের অক্টোবর মাসে একটি আন্তর্জাতিক উৎসব উপলক্ষে ব্যাংকক আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে প্রথমবার মঞ্চায়িত হয় ‘অনামিকা সাগরকন্যা’। এরপর দেশের বিশিষ্টজনদের সম্মানে মঞ্চস্থ হয়েছে বেশ কয়েকবার। শেষবার ঈদের বিশেষ আয়োজনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হয় নৃত্যনাট্যটি। শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা একটি প্রদর্শনী ও সাড়ে সাতটা থেকে আটটা হবে দ্বিতীয় প্রদর্শনী।
নৃত্যনাট্যটি প্রযোজনা করেছে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। এর শিল্প পরিচালক ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তিনি বলেন, ‘যতগুলো প্রদর্শনী হয়েছে, সবাই খুব পছন্দ করেছেন। মনে হলো, এবার সাধারণ দর্শকদের জন্য বৃহৎ পরিসরে মঞ্চস্থ করা যায়। সমসাময়িক নাচ, গান ও সাহিত্যের নানা উপাদানের মিশেলে এটি নির্মিত হয়েছে।’
প্রদর্শনীর আগে নাট্যশালার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে এর টিকিট। এ ছাড়া অনলাইনে ticketchai.com থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।