
মহড়া থাকুক বা না থাকুক, বিকেল হতেই সবাই হাজির রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে। এই রাকসু ভবনের নিচ তলায় জায়গা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের। যার একটি কক্ষ প্রায় ২৫ বছর ধরে সরব করে রেখেছেন সমকাল নাট্যচক্রের সদস্যরা। মুখগুলো বদলেছে, কবিতা-গান-সংলাপে সমকালীন ছায়া পড়েছে, তবু সমকাল নাট্যচক্রের উদ্যমে ভাটা পড়েনি।
নাট্যচক্রের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শিমুল সিদ্দিকী গর্ব করে বলেন, ‘আমাদের নাট্যচক্র শুধু একটা সংগঠন নয়, এখানে সবাই পরিবারের মতো।’ সত্যিই যে তাঁরা পরিবারের মতো, বোঝা গেল পরের কথায়। জোট বেঁধেই এই নাট্যদলের কর্মীরা মানবিকতার চর্চা করেন। শিমুল বলছিলেন, ‘নাটক চর্চার পাশাপাশি সমকাল আমাদের শিখিয়েছে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা, অন্যায় ও ন্যায়ের মধ্যে পার্থক্য। জীবনকে সঠিক পথে পরিচালনা করার সব সংস্কার।’
শুধু নাট্যচর্চায় নয়, সংগঠনের সদস্যরা নানা ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজেও যুক্ত। নাট্যচর্চার পাশাপাশি এই নাট্যদলে গান, আবৃত্তি, নাচ ইত্যাদির চর্চাও চলে পুরোদমে। এ ছাড়া বিশেষায়িত জ্ঞান লাভের জন্য নিয়মিত কর্মশালা ও পাঠচক্রের আয়োজন করা হয়। এসব জানা গেল নাট্যদলের সদস্য সানজানা আরেফিনের কাছে।
নিজের অভিজ্ঞতার কথা শোনালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের উজ্জ্বল হোসেন, ‘মানুষের সঙ্গে কথা বলতে খুবই সংকোচ বোধ করতাম। মনে হতো আমি কি-না-কি ভুলটুল বলছি। দ্বিধায় ভুগতাম। সমকাল নাট্যচক্রে যুক্ত হয়ে আমার ভেতর থেকে সব ভয় দূর হয়েছে।’
সদস্যদের মন থেকে ভয় দূর করে আত্মবিশ্বাসী করে তোলা নাট্যদলটির স্মারক বই থেকে জানা গেল, ১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু সমকাল নাট্যচক্রের। ‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’ এই স্লোগানেই ধরা দেয় নাট্যচক্রের মূলমন্ত্র। শ্যামল ভাদুড়ীর তথাপি সূর্য আসে নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে সমকালের নাট্যচর্চা শুরু। এ পর্যন্ত মঞ্চ নাটক ও পথনাটকসহ সব মিলিয়ে সংগঠনটি ৬১টি নাটক প্রযোজনা করেছে।
আর সেই ধারায় সংগঠনের সদস্যরা এখন ব্যস্ত তাঁদের পরবর্তী নাটক নিয়ে। ১৫ আগস্টের পটভূমিতে রচিত অন্তিম সূর্য নাটকের মহড়ায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে কাল আবার মঞ্চ মাতাবেন সমকালের সদস্যরা।