সম্মানিত হচ্ছেন ফেরদৌসী মজুমদার

নাগরিক নাট্যাঙ্গনের দুই দশক পূর্তি উপলক্ষে আট দিনের একটি উত্সবের আয়োজন করেছে দলটি। এ উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। ২০ থেকে ২৮ মে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উৎসব চলবে। উৎসবে থাকবে ঢাকার পাঁচটি এবং ভারতের দুটি দলের পরিবেশনা। এগুলো হচ্ছে ঢাকা থিয়েটার, সময়, নাগরিক নাট্যাঙ্গন, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), পদাতিক নাট্যসংসদ, ভারতের নয়ে নাটুয়া ও আভাস। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নাট্যকার শম্ভু মিত্রের ১০০ ও উইলিয়াম শেক্সপিয়ারের ৪৫০ বছর স্মরণে নিবেদন করা হচ্ছে এ উত্সব।
উত্সবের প্রথম দিন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে দেওয়া হবে আজীবন সম্মাননা। এ ছাড়া নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হবে এ উত্সবে। এ উপলক্ষে মঞ্চে শতবার অংশ নেওয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হৃদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন।