সম্মিলিত প্রয়াসে তাঁদের জীবনের পরিবর্তন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে সর্বদা কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বসবাসের সুস্থ পরিবেশ গড়ে তুলতে নিজেদের স্বাস্থ্যঝুঁকির তোয়াক্কা না করেই কাজ করে যাচ্ছেন তাঁরা। পরিচ্ছন্নতাকর্মীদের জীবন কাটে এই ময়লা-আবর্জনার মধ্যেই। তাঁদের এই সংগ্রামী জীবন তুলে ধরার লক্ষ্যে পরিচালক কামরুল হাসান নির্মাণ করেছেন ফিচার ফিল্ম ‘কোহিনূর’।
একজন নারী পরিচ্ছন্নতাকর্মীর জীবনের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। নারী পরিচ্ছন্নতাকর্মীর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মম। রাজধানী মাতুয়াইলের ময়লার ভাগাড়ে ছবিটির চিত্রধারণ করা হয়। বর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ-সুবিধার অভাবের বিষয়টি প্রাধান্য পায় চলচ্চিত্রটিতে।

অভিনেত্রী মম

জানা গেছে, এ চলচ্চিত্রে মম পরিচ্ছন্নতাকর্মীদের চ্যালেঞ্জগুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন। কঠিন বাধা অতিক্রম করে প্রচণ্ড ইচ্ছাশক্তির মাধ্যমে একজন পরিচ্ছন্নতাকর্মীর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। সিঙ্গেল মাদার হিসেবে মমকে নিজের কন্যাসন্তানের উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য অনেক বাধার সম্মুখীন হতে হয়। তিনি তাঁর চরিত্রের মাধ্যমে এই সংগ্রামের গল্প তুলে ধরেছেন।

৪০ মিনিটের এই ফিচার ফিল্মের মূল বিষয় হচ্ছে প্রতিকূল পরিস্থিতি ও নানান সামাজিক বিধিনিষেধের মধ্যে জীবনধারণ করা একজন নারীর জীবন পরিবর্তন। আর এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস।
ওয়াটারএইড বাংলাদেশের উদ্যোগে অস্ট্রেলিয়ার স্বনামধন্য টয়লেট পেপার ব্র্যান্ড হু গিভস আ ক্র্যাপের সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। তাদের উদ্দেশ্য, বাংলাদেশের মানুষের মধ্যে বর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের পেশা নিয়ে সামাজিক সচেতনতা ও সম্মান বৃদ্ধি করা। ওয়াটারএইড বাংলাদেশের ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/watch?v=XWu_tc4l6NU) চলচ্চিত্রটি দেখা যাবে।