সাহিত্যনির্ভর নাটক শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অনেকগুলো গল্প, উপন্যাস ও কবিতা এবার রূপান্তরিত হয়েছে নাটকে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী, বুদ্ধদেব বসু থেকে শুরু করে শওকত ওসমান, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, নির্মলেন্দু গুণের মতো কবি ও কথাশিল্পীদের সৃষ্টিকে উপজীব্য করে নির্মিত হয়েছে এসব প্রযোজনা। এসব নাটক মঞ্চে এনেছে সারা দেশের ৬৪ জেলার শিল্পকলা রেপাটরি নাট্যদল। দেশব্যাপী নাট্যচর্চা ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ইতিমধ্যে সাহিত্যনির্ভর এই নাট্য প্রযোজনাগুলো প্রতিটি জেলায় মঞ্চস্থ হয়েছে। আগামী শনিবার, ২৩ আগস্ট থেকে এই প্রযোজনাগুলো নিয়ে আট দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীর চারটি মিলনায়তনে। চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
একাডেমী নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক আলী আহমেদ জানান, আগামী ২৩ আগস্ট সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসব উদ্বোধন করা হবে। ৩০ আগস্ট পর্যন্ত চলা এ উৎসবে প্রতিদিন আট জেলার আটটি করে নাটক মঞ্চস্থ হবে। একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এসব প্রদর্শনী হবে। সন্ধ্যা সাতটা ও রাত আটটায় চারটি মিলনায়তনে দুটি করে মোট আটটি নাটক মঞ্চস্থ হবে। ৪০ মিনিট ব্যাপ্তির এসব নাটকের ভাষা হবে আঞ্চলিক ও প্রমিত উভয় রকমের।
৬৪ জেলা থেকে ৬৪টি প্রযোজনা মঞ্চে আনতে জেলাগুলোর নির্বাচিত নির্দেশকেরা প্রত্যেকে প্রাথমিকভাবে দুটি কবিতা, দুটি গল্প ও একটি উপন্যাসের বাছাইকৃত সারসংক্ষেপ পাঠান একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে। শিল্পকলা একাডেমী কর্তৃক মনোনীত তিন সদস্যের বিচারক প্যানেল নাটকের জন্য একটি করে পাণ্ডুলিপি নির্বাচন করেছেন।