সিউলে যাচ্ছে তুরঙ্গমী
দক্ষিণ কোরিয়া সরকারের আয়োজিত উৎসব ‘দেইগু কালারফুল ফেস্টিভ্যাল’ বিশ্বের বৃহত্তম নাচের প্যারেডগুলোর অন্যতম। আগামী ৮-১১ জুলাই দক্ষিণ কোরিয়ার দেইগু শহরে বসবে এই উৎসব। আর এবারের আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নাচের দল তুরঙ্গমী। এই উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেল বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
আগামী ৫ জুলাই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে যাত্রা করবে তুরঙ্গমী। পূজা সেনগুপ্তর নেতৃত্বে ১০ সদস্যের দল সেখানে যাবে। উৎসবে দলটি দুটি প্রযোজনায় অংশ নেবে। এর মধ্যে একটি ১০ মিনিট দৈর্ঘ্যের ‘পাঁচফোড়ন’ ও অন্যটি ৫ মিনিট দৈর্ঘ্যের ‘নন্দিনী’। দুটির ভাবনা, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত।
এদিকে চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে ইউনেসকো, আইটিআই এবং ফিলিপাইন সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘এসডিজি রেসিলি-আর্ট ফেস্টিভ্যাল ২০২২’–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পূজা সেনগুপ্ত। এ ছাড়া কাজ করছেন পদ্মা সেতু নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানেও।
বাংলাদেশে নাচের নিজস্ব ধারা নির্মাণ, নাচে পেশাদারত্ব অর্জনের লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় তুরঙ্গমী।
এরপর উল্লেখযোগ্য ২০১৪ ব্যাংকক ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব, ২০১৭ দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো–ডুঙহুয়ায় কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮–২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে অংশগ্রহণ করে তুরঙ্গমী।
কাজের স্বীকৃতস্বরূপ ২০১৯ সালে বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের সদস্যপদ লাভ করেন। এ ছাড়া সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে উদ্যোক্তা পুরস্কার ‘নুরুল কাদের সম্মাননা’ পান পূজা সেনগুপ্ত।