সিরাজগঞ্জে আজ থেকে আন্তর্জাতিক নাট্যোত্সব
সিরাজগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যলোকের’ ১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনের আন্তর্জাতিক নাট্যোত্সব অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই নাট্যোত্সবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, স্থানীয় সংসদ হাবীবে মিল্লাত, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজউদ্দীন আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আক্তারুজ্জামান। উদ্বোধনী দিনে মুখ্য আলোচক হিসেবে থাকবেন নাট্যলোকের প্রধান উপদেষ্টা অভিনেতা জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপত্বি করবেন নাট্যলোকের সভাপতি মোমিন বাবু।
সংবর্ধিত ব্যক্তি হিসেবে চলচ্চিত্র অভিনেতা আলী রাজ এ দিন উপস্থিত থাকবেন।
নাট্যলোক ছাড়াও এ উত্সবে ঢাকা থেকে চারটি ও ভারত থেকে দুটি নাট্য দল অংশ নেবে। উদ্বোধনী দিনে মঞ্চায়িত হবে আইরিন পরভীন লোপার নির্দেশনায় নাট্যলোকের ধীবর গাথা নাটকটি।