সুনীলের 'রাধাকৃষ্ণ' আসছে ঢাকার মঞ্চে

‘...সুন্দরী রাধা, তুমি সরোবরময়ী। তোমার দেহের লাবণ্য তোমার জল, কুন্তলদাম যেমন তার শৈবাল, তোমার বদন একটি পদ্ম, তোমার নয়ন দুটি নীলকান্তমণি, নাসিকা যেন স্রোতে ভাসা তিল ফুল। তোমার দুই গালে যেন মহুয়া মাখা। তোমার হাসিতে যেন লোধ্রোরেণু-রাধা, তুমি তো একবারো হাসোনি…’—মনে পড়ছে চমৎকার লাইনগুলো? সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ কি আপনার পড়া আছে? না থাকলেও ক্ষতি নেই। এবার ‘রাধাকৃষ্ণ’ উপন্যাসের নাট্যরূপ দেখতে পাবেন ঢাকার মঞ্চে।
নাট্যদল সুবচন মঞ্চে আনছে নাটকটি। প্রাথমিকভাবে ‘রাধাকৃষ্ণ’ নাম দিয়ে মহড়া শুরু করলেও নাটকের নামটি এখনো চূড়ান্ত হয়নি। সুনীলের উপন্যাস অবলম্বনে এটি লিখেছেন আসাদুল ইসলাম। সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ১৭ জুলাই শিল্পকলা একাডেমিতে কাজ শুরু হয়েছে। সুবচন নাট্যদলের প্রধান ও পথনাট্য পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস জানান, এটি দলের ৩৫তম প্রযোজনা। আনুষ্ঠানিক মহড়া সম্প্রতি শুরু হলেও নাটকের মূল কাজ আরও আগেই শুরু হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে নাটকটি দর্শকের জন্য উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, গীতল নাটক না হলেও নাটকে রাধারমণের গানসহ বেশ কিছু গান থাকছে।

এর আগে সুবচন নাট্য সংসদ ২০১০ সালের ১৮ জুন ‘মহাজনের নাও’ নাটকটি মঞ্চে এনেছিল। শাকুর মজিদের লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটি দেশ–বিদেশে বেশ আলোচিত হয়েছিল।