সুলেমানের ‘নাচ অথবা নৈরাজ্য’
সুদূর মালি থেকে ঢাকায় এসেছেন নৃত্যশিল্পী সুলেমান। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় নাচ পরিবেশন করবেন তিনি। আলিয়াঁস ফ্রঁসেজ দো ঢাকার আয়োজনে শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে তাঁর পরিবেশনা ‘ড্যান্স অর ক্যাওস’ বা ‘নাচ অথবা নৈরাজ্য’।
সুলেমান সানোগো ‘সোলো’ নামে পরিচিত। তিনি বড় হয়েছেন মালির বামাকো শহরে। সোলোর জীবন দুঃখে ভরা। সে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি যখন নাচি, তখন সবকিছু ভুলে যাই। ওই সময়টুকুই আমি আনন্দে থাকি। নাচ মানেই আমার নিজেকে খুঁজে পাওয়া।’ তাঁকে খুঁজে পায় বিশ্বের অন্যতম সক্রিয় কোরিওগ্রাফিক প্রতিষ্ঠান বেলজিয়ামের ব্রাসেলসের পারফর্মিং আর্টস রিসার্চ অ্যান্ড ট্রেনিং স্টুডিওস। সেখানেই নিজেকে গড়ে তোলেন সোলো। তিন বছর পৃথিবীর বিখ্যাত কোরিওগ্রাফার এবং শিক্ষকদের কাছ থেকে তালিম নেন তিনি, যাঁদের মধ্যে রয়েছেন অ্যান তেরেসা দ্য কিরশম্যাকার।
সোলোর গল্প শুনে আবেগে আপ্লুত হন লেখক ও নাট্যকার জাঁ-লুই সাগো-ডিভারো। সোলোর কাহিনি নিয়ে তিনি তৈরি করেন ‘নাচ বা নৈরাজ্য’। সোলোর নাচ সবার জন্য উন্মুক্ত। তবে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে [email protected]—এই ই–মেইল ঠিকানায়। মিলনায়তনে প্রবেশের সময় দেখাতে হবে করোনার টিকা সনদ।