সেলিম আল দীন স্মরণে তিন দিনের আয়োজন

নাট্যাচার্য সেলিম আল দীনের ১২তম প্রয়াণবার্ষিকী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং নাটকের সংগঠন স্বপ্নদল আয়োজন স্মরণ অনুষ্ঠান।
ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে ১৪ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে পুষ্প অর্পণ করা হবে। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় পরিবেশিত হবে ‘খোয়াবজানের পালা’। আহির বাংলার প্রযোজনায় পালাটি রচনা ও নির্দেশনা সায়িক সিদ্দিকী।
নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণোৎসব ২০২০’। ১৪ জানুয়ারি শুরু হবে এ উৎসব। মাঝে ১৬ জানুয়ারি বিরতি দিয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই আয়োজন চলবে। উৎসবে থাকছে ‘হরগজ’ ও ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের মঞ্চায়ন, সেমিনার, শোভাযাত্রা ও সমাধিতে ফুল দেওয়া।
স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন জানিয়েছেন, উৎসবের প্রথম দিন মঙ্গলবার প্রয়াণদিবসে সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে স্বপ্নদলের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে। সাড়ে নয়টায় ক্যাম্পাসের পুরোনো কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধিসৌধের দিকে স্মরণ-মিছিল করা হবে। সমাধিতে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। একই দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকটি মঞ্চায়িত হবে।

দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যা সাতটায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে বাদল সরকারের রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় নাটক ‘ত্রিংশ শতাব্দী’। উৎসবের সমাপনী দিন ১৭ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকছে ‘ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতি, দ্বৈতাদ্বৈতবাদিতা শিল্পতত্ত্ব ও সেলিম আল দীনের নাট্যদর্শন’ শীর্ষক সেমিনার।
সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। টাঙ্গাইলের সা’দত কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি নেন। এরপর ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে চাকরিজীবন শুরু করলেও পরে বাকি জীবন শিক্ষকতাই করেছেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি ঢাকায় মারা যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়।