সেলিম আল দীনের জন্মদিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নাট্যকার সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চার দিনের ‘সেলিম আল দীন জন্মোৎসব’। শ্রদ্ধার্পণ, বক্তৃতা, পদক প্রদান ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে স্মরণ করা হবে বাংলা নাটকের এই যুগস্রষ্টাকে।
আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নাট্যকারের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তাঁর শিক্ষার্থী, স্বজন ও নাটকের মানুষেরা। কাল বুধবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে তাঁর নাট্যচরিত্রগুলোকে নিয়ে পরিবেশনা পুতুল তোমার জনম কী রূপ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করবে স্বর্ণবোয়াল। শুক্রবার বিকেল চারটায় শিল্পকলার সেমিনার কক্ষে থাকবে স্মারক বক্তৃতা। সন্ধ্যা সাড়ে ছয়টায় সেলিম আল দীন ফাউন্ডেশন থেকে দেওয়া হবে ‘সেলিম আল দীন পদক’। এবার পদক পাচ্ছেন কলকাতার অধ্যাপক অরুণ সেন। এ ছাড়া ঢাকা থিয়েটার একজন জ্যেষ্ঠ নাট্যব্যক্তিত্বকে মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ও একজন নবীন নাট্যকর্মীকে দেবে ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হবে নাটক নিমজ্জন।
এ উপলক্ষে বুনন থিয়েটার আজ সন্ধ্যায় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ করবে চাকা। দেখানো হবে সেলিম আল দীনের গানের অভিনয় ও কোরিওগ্রাফি। এ ছাড়া নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে আজ বিকেলে থাকছে নাট্যকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে নাটক হরগজ। আগামীকাল সন্ধ্যা সাতটায় স্টুডিও থিয়েটার হলে তারা দেখাবে চিত্রাঙ্গদা নাটকটি।