সোলায়মান মেলায় বাংলাদেশের বেদনাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙ্গমাতন সোলায়মান মেলায় নাট্যকর্মীদের লাঠিখেলা
রঙ্গমাতন সোলায়মান মেলায় নাট্যকর্মীদের লাঠিখেলা

একটি দৈত্যকে কদিন ধরে নাট্যশালার সামনে বেধে রাখা হয়েছে। দৈত্যটির হাতে একটি রক্তাক্ত শিশু, পায়ের কাছে পড়ে আছে তার হাতে মারা পরা বেশ কিছু মানুষ। ভয়ঙ্কর দর্শন ওই দৈত্য, শিশু আর মানুষগুলো খড় দিয়ে বানানো। খড় দিয়ে বানানো এরকম প্রতীকী অসংখ্য মানুষকে ঝুলতে দেখা গেছে নাট্যশালায়। এসব নেপথ্যে একটি কাহিনি আছে।

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় যাঁরা নিয়মিত যান, আজ শুক্রবার বিকেলে মূল ফটক দিয়ে প্রবেশ করে তাঁরা বিহ্বল হয়ে পড়েন। তাঁদের মনে প্রশ্ন, ‘কি হচ্ছে এসব!’ বেশ ক’জায়গায় ভাঙা আয়না বসানো, নিচে রক্তের প্রলেপ; পাশে লেখা—‘আয়নায় আপনার চেহারা আবিষ্কার করুন।’
নাট্যশালার সিড়ি বেয়ে ওপরের দিকে উঠতে প্রাচ্যনাটের, বাম পাশে থিয়েটার আর্ট ইউনিটের মঞ্চ। সিড়ি বেয়ে ওপরের দিকে উঠলে ডানপাশে বটতলা, বাঁ পাশে উদীচী। সেখানে কাফনে মোড়া একটি রক্তাক্ত লাশের ওপরে ঝুলছে চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্র। পাশেই ছিন্নভিন্ন কিবোর্ড, মাউস আর রক্তাক্ত বই। ওপাশে কোনও এক কোনে আরণ্যকের মঞ্চ। মিলনায়তনের বাইরের দুই পাশে তীরন্দাজ এবং বাতিঘর মঞ্চ করেছে। সকালে এই দলগুলো তাঁদের নির্ধারিত এই মঞ্চে পথনাটক করেছে। একই সঙ্গে তিনটি জায়গায় ভিড় করে দর্শকেরা সেসব দেখেছেন। একটি নাটক শেষ হলে আরেকটি নাটক দেখতে জায়গা বদল করেছেন। সকালে যাঁরা প্রথম তিনটি নাটক দেখতে পারেননি, তাঁদের জন্য এই নাটকগুলো পুনরায় বিকেলে আবারও দেখানো হয়েছে।
থিয়েটার আর্ট ইউনিট দেখিয়েছে ‘খাচ্ছি দাচ্ছি দাড়ি কামাচ্ছি’ নাটকটি। রাজীব, অভিজিৎ, রাজন, নীলাদ্রি থেকে হাতকড়া পরা পঙ্গু সাংবাদিক—সবার কথাই ছিল এই নাটকে। দেশ ও বিশ্বের সাম্প্রতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সঙ্গে কোথায় যেন মিলে যায় এসব। আর এই আয়োজনগুলো এস এম সোলায়মানকে স্মরণ করে।
এ হচ্ছে রঙ্গমাতন, সোলায়মান মেলা। বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় এই মানুষটির জন্মবার্ষিকী আগামী ২৯ সেপ্টেম্বর আর মৃত্যুবার্ষিকী ২২ সেপ্টেম্বর। তাঁকে স্মরণ করতেই নাট্যাঙ্গনের মানুষেরা করেছেন এই আয়োজন।
প্রতিবছর সোলায়মান মেলা করার দায়িত্ব নেয় একটি নাটকের দল। নাটকের অন্য দলগুলো আয়োজক দলকে সহায়তা করে। এ বছর চতুর্থবারের এই আয়োজনের দায়িত্ব পড়েছে প্রাচ্যনাটের ওপর। সঙ্গে রয়েছে আরও ৭টি দল।
এই মেলা উপলক্ষে দুপুরে নাট্যশালার মূলমঞ্চে ছিল একটি উন্মুক্ত বৈঠক। তাতে ‘চোখ বুজে থাকুন: বাইরে প্রলয় ঘটছে’ শিরোনামে আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সেসময় দর্শকসারিতে ছিলেন মাত্র ৬ জন দর্শক। কিন্তু মঞ্চে আনু মুহাম্মদের মুখোমুখি গোল হয়ে বসেছিলেন শতাধিক নাট্যকর্মী। তাঁদের ভেতর থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছিল একের পর এক প্রশ্ন। আনু মুহাম্মদ সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন।
একজন নাট্যকর্মী প্রশ্ন করেন, ‘গণতন্ত্র বলে যে ব্যাপারটা আছে, সেটা তো দেখতে পাচ্ছি না। আপনি সেটাকে কীভাবে দেখেন? চোখ বুঁজলে কি সেটা দেখা যাবে?’ অন্যজন জিজ্ঞেস করেছেন, ‘যৌন নিপীড়ন, অসহ্য যানজট, হত্যা, ধর্ষণ, মূল্যবৃদ্ধি এসব নিয়ে মানুষ কেন নিরব?’
অন্য আরেকজন প্রশ্ন করেছেন, ‘গত ১৫ বছর ধরে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আজও মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে। এসব নিয়ে কেউ আন্দোলন না করে সাড়ে ৭ শতাংশ ভ্যাট নিয়ে আন্দোলন করছে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ?’
আনু মুহাম্মদ বললেন, ‘ভ্যাটের আন্দোলনের আড়ালে চলে গেছে হঠাৎ যাতায়াত ভাড়া বেড়ে যাওয়ার ঘটনা। এটা কিন্তু প্রতিদিনের খরচ বাড়িয়ে দিল।’
তিনি বলেন, ‘ধরেই নেওয়া হয়েছিল বর্ণবাদ, নারীবিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আসলে বিভিন্ন সময়ে এগুলো ভিন্ন ভিন্ন রূপে ফিরে এসে আমাদের ওপর চেপে বসেছে। এখন এমন এক অস্থির সময় চলছে যে, মানুষ তাঁর প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে। ফলে তাঁরা যুদ্ধ ঘোষণা করছে নিজের বিরুদ্ধে নয় তো নিস্ক্রিয় হয়ে পড়ছে। নিপীড়নের প্রশ্নগুলো তাঁরা মাথায় আনতেই ভয় পাচ্ছে। মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে কি না সেটা নিয়ে কোনও আলোচনা নেই। বরং জিডিপি বৃদ্ধি, মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্তির আত্মতৃপ্তি নিয়ে আন্দোলিত হচ্ছে সবাই।’
দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে নাট্যকর্মীদের কী করণীয় তা নিয়েও কথা বলেন আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘নাটক প্রবন্ধের থেকেও বেশি শক্তিশালী মাধ্যম। আমি যেসব প্রবন্ধ লিখি, সেসব যদি নাটকের মাধ্যমে তুলে ধরতে পারতাম সেগুলো আরও বেশি কার্যকর হতো।’
শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করা হয়। বিকেলে নাট্যশালার আঙিনায় খোলা আকাশের নিচে মঞ্চস্থ হয় এস এম সোলায়মানের লেখা নাটক ‘এই দেশে এই বেশে’। তাতে অভিনয় করেন মেলার আয়োজক ৮টি দল। এর পর ছিল থিয়েটার আর্টের ইউনিটের প্রযোজনা স্বদেশ দ্বীপকের লেখা নাটক ‘কোর্ট মার্শাল’। এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল দলগুলোর যৌথ নাটকটি। রাতে অগ্নিচক্রনৃত্যের মধ্যদিয়ে সোলায়মান মেলা শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।