সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব শুরু

ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের নামে শুরু হয়েছে নাট্যোৎসব। পদাতিক নাট্যসংসদের প্রয়াত সভাপতি ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা করেন প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, ভারতের ত্রিপুরার বিলোনিয়া প্রেসক্লাবের মুখ্য উপদেষ্টা দীপঙ্কর সেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী বক্তৃতায় শিরীন শারমিন বলেন, ‘বাংলাদেশের নাট্য আন্দোলন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের নাটক আন্তর্জাতিক ক্ষেত্রেও জায়গা করে নিয়েছে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।’
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করে নাটক ‘গোড়ায় গলদ’। একই সময়ে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। উদ্বোধনী আয়োজনের শুরুতে নাট্যশালার লবিতে পথনাটক পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
আগামীকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে দেওয়া হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন ইনামুল হক ও সারা যাকের। কাল বিকেলে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পদাতিক নাট্যসংসদ (টিএসসি) মঞ্চস্থ করবে নাটক ‘কালরাত্রি’ ও পরীক্ষণ থিয়েটার হলে থাকবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’।