সৈয়দ হককে উৎসর্গ করা হবে 'গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব'

গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে পঞ্চমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। উৎসবটি এবার উৎসর্গ করা হয়েছে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে। এবারের উৎসবের মূল আকর্ষণ পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার ও প্রবীর গুহের অংশগ্রহণ। উদ্বোধনী আয়োজনে মঞ্চায়িত হবে হযবরল নাট্যদলের নাটক ঈপ্সা। এ ছাড়া ভারতের আরও দুটি দল অনীক নাট্যদল ও লিভিং থিয়েটার অংশ নিচ্ছে উৎসবে ।
২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, স্টুডিও থিয়েটার মিলনায়তন এবং নৃত্য ও সংগীত মিলনায়তনে ভারতের ৩টি, ঢাকা’র ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ মোট ৩০টি নাট্যদলের মঞ্চনাটক এবং উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫২টি সংগঠনের আবৃত্তি, সংগীত, নৃত্য ও পথ নাটক পরিবেশনা নিয়ে এবারের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব হবে।
উৎসবের আহ্বায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে বলেন, ভারত বাংলাদেশ-দু’দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্যে নিয়েই মূলত ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’ আয়োজিত হয়ে আসছে গত চার বছর ধরে। এবার পঞ্চমবারের মতো এ উৎসব উদযাপিত হবে এবং ভিন্ন আঙ্গিকে বড় পরিসরে এবারেও এ উৎসব উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎসবে ৩০টি নাট্যদলসহ আবৃত্তি, নৃত্য ও পথনাটকের ৮৫টি দল অংশ নেবে। সৈয়দ হকের লেখা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘ম্যাকবেথ’ ও ‘ঈর্ষা’ নাটক মঞ্চায়িত হবে। নাটক মঞ্চায়নের আগে একাডেমির উন্মুক্ত চত্বরে বিকেলে ৫টা থেকে প্রতিদিন দু’জন আবৃত্তি শিল্পী ও দুজন সংগীত শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। এ ছাড়া সকলের জন্য উন্মুক্ত আয়োজনে থাকবে নৃত্য ও পথনাটক।
অনুষ্ঠানের আর্থিক সহায়তা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবের সমাপনী হবে ৩১ অক্টোবর।
উৎসবের প্রথম সন্ধ্যায় ভারতের হ-য-ব-র-ল নাট্যদল জাতীয় নাট্যশালায় পরিবেশন করবে নাটক ‘ঈপ্সা’ যার নাম ভূমিকায় অভিনয় করবে অভিনেতা দেবশংকর হালদার।