সৌমিত্রে মুগ্ধ ফেরদৌসী মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার
সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার

ফেরদৌসী মজুমদার ও সৌমিত্র চট্টোপাধ্যায়, দুই বাংলার দুই প্রখ্যাত অভিনয়শিল্পীর মুখোমুখি প্রথম দেখা হলো গতকাল সন্ধ্যায়; গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনের সময়। খ্যাতিমান অভিনেতা সৌমিত্রের সঙ্গে এই ‘প্রথম দেখা’ নিয়ে খুবই উচ্ছ্বসিত ফেরদৌসী মজুমদার। এই উৎসবের দুই উদ্বোধকের একজন ছিলেন ফেরদৌসী আর অন্যজন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে উজ্জ্বল চোখে এক মুহূর্ত দম নেন ফেরদৌসী, তারপর বলেন, ‘মঞ্চে কাজ করি তো, হলভর্তি দর্শক দেখলে মন ভরে যায়। দর্শকেরাই আমাদের প্রাণ’। সৌমিত্র প্রসঙ্গে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়কে সামনা-সামনি এখানেই প্রথম দেখলাম, কথা বললাম। এর মধ্যে তিনি আসার পর অবশ্য ফোনে কথা হয়েছে। তাঁর অভিনীত ‘অপুর সংসার’ দেখে মুগ্ধ হয়েছি। আমার কাছে সৌন্দর্য মানে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের পাশাপাশি তিনি দর্শনধারীও বটে।’
সৌমিত্রের প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে ফেরদৌসী বলেন, ‘টেলিভিশনে তাঁকে একটা সবুজ জামা পরতে দেখেছিলাম। জামার রংটা এমন সবুজ যা সচরাচর কাউকে পরতে দেখা যায় না। তাঁকে এত ভালো দেখাচ্ছিল যে, ঘরের মানুষটিকে বলেছিলাম তোমারও এই রঙের জামা পরা উচিত। মানাবে কি না সেটা পরের কথা।’
সৌমিত্র চট্টোপাধ্যায়কে ‘ভালো মানুষ’ অভিহিত করে ফেরদৌসী বলেন, ‘আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। আপনি আবার আসবেন, বারবার আসবেন, হাজার বার আসবেন। এভাবে হুট করে এবার না এলে হয়তো আপনার সঙ্গে দেখাই হতো না।’
যাকে নিয়ে এত সব কথা, তিনিও বসেছিলেন একই মঞ্চে। লজ্জাবনত, বিনম্র চোখে বারবার যেন মুখ লুকোচ্ছিলেন তিনি। বক্তব্য রাখতে এসে সৌমিত্র বলেন, ‘আমি দু’বছর আসতে পারিনি বাংলাদেশে। কিন্তু এর আগে বহুবার বহু কাজে এসেছি। নাটক করতে এসেছি, আবৃত্তি করতে এসেছি, শুটিং করতে এসেছি। কিন্তু প্রত্যেকবারই আমাকে একটা জিনিসই পীড়া দেয়। কারও বাড়িতে থাকলে বোধ হয় আরও বেশি পীড়া দিত। এত আদরের অত্যাচার আর কোথাও হয় না, খাওয়াতে ভালোবাসে এমন জাতি আর পৃথিবীর কোথাও নেই।’
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যের ইতি টানেন জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ’ কবিতাটি আবৃত্তির মাধ্যমে।