স্কুলে স্কুলে 'ক্লাসরুম থিয়েটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজকের পরিবেশনার সবশেষে ছিল লোক নাট্যদলের ‘অবাক জলপান’ নাটকটি
আজকের পরিবেশনার সবশেষে ছিল লোক নাট্যদলের ‘অবাক জলপান’ নাটকটি

পথিক বড্ড তৃষ্ণায় কাতর হয়ে জিজ্ঞাসা করলেন, ‘মশাই, একটু জল পাই কোথায়, বলতে পারেন?’ উত্তরদাতা চটজলদি উত্তর দিলেন, ‘জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি...।’ বোঝার ভুলে ঠাঠা রোদে একবুক তৃষ্ণা নিয়ে পথিককে রাস্তায় ঘুরতে হয় পানির জন্য। সুকুমার রায়ের এই ‘অবাক জলপান’ নাটকে পথিককে পানি পান করতে শেষ অবধি নানা বিড়ম্বনা পোহাতে হয়েছিল সেদিন। আর আজ দুপুরে এই নাটকটি দেখে হেঁসে কুটি কুটি মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’ পরিকল্পনা ও পরিচালনা করেন লিয়াকত আলী লাকী
পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’ পরিকল্পনা ও পরিচালনা করেন লিয়াকত আলী লাকী

শুরু হয়েছে পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’। আজ মঙ্গলবার দুপুরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর পরিকল্পনা ও পরিচালনায় এটি অনুষ্ঠিত হলো মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে।

ক্লাস রুমে বসে শিক্ষার্থীরা দেখছে ‘রাণী যাবেন বাপের বাড়ি’ নাটকটি
ক্লাস রুমে বসে শিক্ষার্থীরা দেখছে ‘রাণী যাবেন বাপের বাড়ি’ নাটকটি

আজ ছিল কল্পরেখা ও তামান্না তিথির পরিবেশনায় গল্পপাঠে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’, ড. মুহম্মদ শহীদুল্লাহর গল্প ‘সততার পুরস্কার’, বনফুলের ‘মিনু’, শওকত ওসমানের গল্প ‘তোলপাড়’ এবং শামসুর রাহমানের ‘বাঁচতে দাও’। কল্পরেখার পরিবেশনায় আরও ছিল ‘রাণী যাবেন বাপের বাড়ি’ নাটকটি। শেষে লোক নাট্যদলের প্রযোজনা সুকুমার রায় রচিত ও লিয়াকত আলীর নির্দেশিত ‘অবাক জলপান’ নাটকটি মঞ্চস্থ হয়। এগুলো স্কুলের ষষ্ঠ এবং নবম শ্রেণির কক্ষে পরিবেশন করা হয়।

ছিল কল্পরেখা ও তামান্না তিথির পরিবেশনায় গল্পপাঠ।
ছিল কল্পরেখা ও তামান্না তিথির পরিবেশনায় গল্পপাঠ।

পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মাসুদ সুমন প্রথম আলোকে জানান, ২৭ বছর ধরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশু-কিশোর ও যুব নাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারা দেশের প্রায় ২৫০টি শিশু-কিশোর ও যুব নাট্য সংগঠন এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতিমধ্যে ৫টি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করে।