স্পর্শ থেকে ভালোবাসার জন্ম, সাফার লেখা নতুন নাটকের বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী সাফা কবিরের লেখা গল্পে ‘বিয়ে করা বারণ’ নামে এক ঘণ্টার একটি নাটক নির্মাণ করা হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘদিন পর তাঁর লেখা আরেকটি গল্পের নাটক তৈরি হচ্ছে। নাম ‘টাচ’। নাটকে সাফা নিজেও অভিনয় করছেন। বিপরীতে আছেন জোভান।
নাটকের গল্প লেখা প্রসঙ্গে সাফা বলেন, ‘করোনাভাইরাস বিস্তারের সময় প্রথম লকডাউনের মধ্যে কোনো কাজ ছিল না। বাসায় প্রচুর বই পড়তাম, সিনেমা দেখতাম। তখন নানা ধরনের গল্প মাথায় আসত। এই গল্প তখন মাথায় আসে। একদিন পরিচালক হিমি ভাইয়ের সঙ্গে কাজ করার সময় তাঁর সঙ্গে গল্পটি শেয়ার করি। পছন্দ হয় তাঁর। তিনি নিজেই কাজটি করার কথা বলেন। এরপর গল্পটি নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু হয়। এখন কাজটি তৈরি হচ্ছে।’
তবে কাজটি শুরু করার আগে গল্প ও চিত্রনাট্য নিয়ে আরও কয়েক দফা বসা হয়েছে, জানালেন সাফা। বলেন, ‘আমরা কাজটি শুরু করার আগে তিনবার চিত্রনাট্য পরিবর্তন করেছি। তা ছাড়া এই নাটকের অভিনেতা হিসেবে জোভানও এখানে কিছু ইনপুট দিয়েছেন। সব মিলে একটা টিমওয়ার্ক করে কাজটি করছি আমরা।’

গল্পটি প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, স্পর্শ থেকে ভালোবাসার জন্ম হয়। স্পর্শ মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা এই গল্পে আছে। সাফা বলেন, ‘এই নাটকে কিছু ভিন্ন গল্প, ভিন্ন দৃশ্য দেখা যাবে। দর্শকের কাছে খারাপ লাগবে না।’ ১১ এপ্রিল থেকে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের লোকেশনে শুটিং চলছে নাটকটির। সাফা বলেন, ‘এই নাটকের শুটিং করতে এসে আমার আর জোভানের নস্টালজিয়া কাজ করছে। কারণ, অনেক বছর আগে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ইউনিভার্সিটি” নামে একটি ধারাবাহিকের অনেক দিন শুটিং করেছি। সেটি ছিল আমাদের দুজনেরই প্রথম ধারাবাহিক। আমরা দুজন শুটিং করছি আর সেই সময়ে শুটিংয়ের স্মৃতি নিয়ে কথা বলছি।’

নিয়মিত নাটকের গল্প লেখার ইচ্ছা আছে কি? জানতে চাইলে সাফা বলেন, ‘প্রচুর নাটকে অভিনয় করি, গল্পের বই পড়া হয়, সিনেমা দেখা হয়। এসবের অভিজ্ঞতার কারণে অনেক সময় অনেক চমৎকার চমৎকার গল্প মাথায় আসে। সুতরাং নিয়মিত গল্প লিখতে চাই।’ নাটকটির পরিচালক মাহমুদুর রহমান জানান, আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনের অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হওয়ার কথা আছে।