স্মৃতিচারণায় আফসার আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় আফসার আহমদকে নিয়ে স্মরণসভা
সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক সদ্য প্রয়াত আফসার আহমদের স্মরণসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে তাঁকে স্মরণ করে ছিল আলোচনা, আবৃত্তি ও গান।
অনুষ্ঠানস্থলে সবাই মোমবাতি হাতে নিয়ে ঢোকেন। আফসার আহমদের প্রতিকৃতির সামনে মোমবাতি রেখে শ্রদ্ধা জানান। আয়োজন করে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। আয়োজকদের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

এরপর স্মরণসভায় মঞ্চের এক পাশে শিমূল ইউসুফ দাঁড়িয়ে গান ধরেন ‘শূন্য এ বুকে, পাখি মোর আয়’। তাঁকে সংগত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। মঞ্চে উঠে এসে শোকবচন পাঠ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।
শোকবচন পাঠের পরে কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ। আফসার আহমদের লেখা কবিতা পাঠের পরে তাঁর লেখা গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর মঞ্চে আসেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা সবাই আফসার আহমদকে নিয়ে স্মৃতিচারণা করেন।

স্মরণসভায় দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতিচারণ করেন।
সংগৃহীত

স্মৃতিচারণা করেন নাট্যজন আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক তৌফিক হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরাসহ আরও অনেকে। সমাপনী আলোচনায় স্মৃতিচারণা করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

স্মরণসভা শেষে আফসার আহমদের ওপর ইসলাম শফিকের পরিচালনায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘শোকস্রোতের নীলমণি’ প্রদর্শিত হয়। এ ছাড়া তাঁর স্মরণে আয়োজকদের পক্ষ থেকে ‘অসীম মায়ার মাঝে লুকালে কোথায়’ নামের একটি প্রকাশনা উপস্থিত সবাইকে দেওয়া হয়।

আফসার আহমেদ

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকেল পাঁচটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ স্মরণসভার আয়োজন করেছে।