হল খোলা নিয়ে মঞ্চপাড়ায় দুই মত
করোনা সংক্রমণ বাড়ায় দীর্ঘদিন অচল মঞ্চপাড়া। কঠোর বিধিনিষেধ শেষে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে সব। একাডেমির মিলনায়তন খোলা হবে, নাকি না? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া নাট্যকর্মীদের।
ঢাকায় মঞ্চনাটকের প্রাণকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির তিনটি মিলনায়তনসহ সারা দেশের মিলনায়তন খুলে দেওয়ার জন্য শিল্পকলা একাডেমির কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশের নাটকের দলগুলোর সবচেয়ে বড় সংগঠন এটি। একাডেমির কাছে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের ঘোষণার পরপরই আমরা শিল্পকলা একাডেমির কাছে হল খুলে দেওয়ার জন্য চিঠি দিয়েছি। সরকার একে একে সবকিছু খুলে দিচ্ছে। থিয়েটার চর্চারও প্রয়োজন আছে।’
মহাসচিবের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শতকরা ৫০ ভাগ আসন সংরক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটি মিলনায়তনভাড়া সম্পূর্ণ মওকুফ করতে ও প্রতিটি অনুষ্ঠানের জন্য প্রণোদনা দিতে অনুরোধ জানিয়েছে।
তবে করোনার এই সময়ে হল খোলা নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাট্যকর্মীরা। হল খোলার পক্ষে ফেডারেশনের সিদ্ধান্তকে যৌক্তিক বলেছেন অনেক নাট্যকর্মী। আবার কেউ কেউ এর বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ফেডারেশনেরই সভাপতিমণ্ডলীর সদস্য নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা ফেসবুকে লিখেছেন, ‘জীবন যখন বিপন্ন, প্রতিটি মুহূর্তে মৃত্যুভয়, মৃত্যুঝুঁকি; থিয়েটার তখন কতটা জরুরি! মানুষের জীবন আগে, নাকি থিয়েটার!’
এরপর তিনি ওই স্ট্যাটাসে দেশের বর্তমান করোনা সংক্রমণের হার ও মৃত্যুর পরিসংখ্যান উল্লেখ করেন। পাশাপাশি একাডেমিকে দেওয়া ফেডারেশনের চিঠি প্রসঙ্গে লিখেছেন, ‘আমি বিস্ময়ে হতবাক হয়েছি। থিয়েটারের মানুষ ও দর্শক সমাজের অগ্রসর সচেতন অংশ। তাই সংক্রমণ ১০ শতাংশের নিচে এবং প্রতিদিন গড় মৃত্যু ২০ জনের নিচে নামার আগে এ দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই পোস্টের নিচেও হল খোলার পক্ষে ও বিপক্ষে মত দিয়েছেন নাট্যকর্মীরা। এ বিষয়ে ফেডারেশনের মহাসচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত মতামত। সরকার টিকা দিচ্ছে। আমরা মনে করি, সবার টিকা নেওয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানো উচিত। তরুণ প্রজন্মকে হারিয়ে ফেলছি। তারা সংস্কৃতি বিমুখ হয়ে যাচ্ছে। তাদের বিমুখ হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।’
যোগাযোগ করা হলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘এটা শুধু ঢাকার নয়, সারা বাংলাদেশের একাডেমির হলগুলোর জন্য সিদ্ধান্ত। আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে বসব ১৫ আগস্টের পর। সদস্যরা যদি মনে করেন যে স্বাস্থ্যবিধি মেনে, সরকারি নির্দেশনা প্রতিপালন করে, প্রদর্শনী করা যায়, তাহলে সে হিসেবে সিদ্ধান্ত আসবে। তা ছাড়া মোবাইল কোর্টও থাকবে। সবকিছু বিবেচনায় রেখে যেসব দল নাটক প্রদর্শনী করবে, তাদের মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
এদিকে ১৬ আগস্ট থেকে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে নাটক প্রদর্শিত হবে। মহিলা সমিতি সূত্র জানিয়েছে, নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শূন্যন প্রযোজিত লাল জমিন নাটকের ২৭৭তম প্রদর্শনী হবে। নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। মোমেনা চৌধুরী বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরই লাল জমিন–এর শো করছি এ মাসে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। স্বাস্থ্যবিধি মেনেই সব আয়োজন করেছি। আসুন, নাটক দেখুন।’
এ ছাড়া নাটকটির এ মাসেই আরও তিনটি প্রদর্শনীর পরিকল্পনা আছে। ১৭ আগস্ট মানিকগঞ্জে একটি ও ১৯ আগস্ট বান্দরবানে দুটি প্রদর্শনী হবে। এ ছাড়া রাজধানীর দনিয়া এলাকার দনিয়া স্টুডিও থিয়েটারের পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে মিলনায়তন খোলার সম্ভাবনা আছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিল্পকলা একাডেমির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁরা সিদ্ধান্ত নেবেন।