হলভর্তি দর্শক নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসব শুরু

মঞ্চের চেয়ারে বসার আগে মাথা নুইয়ে করজোড়ে দর্শকদের নমস্কার জানালেন ‘অপুর সংসার’ সিনেমার অপু, সৌমিত্র চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই খ্যাতিমান অভিনেতা গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের দুজন উদ্বোধকের একজন। অন্যজন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উদ্বোধন হয়ে গেল দুই বাংলার এই সাংস্কৃতিক উৎসব।
প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি চলে যান বিশেষ অতিথির তালিকায়। সেখানে উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।
অনুষ্ঠান উদ্বোধনের আগে মঞ্চের পেছনে গিয়ে সৌমিত্রকে দেখা গেল একটু চিন্তামগ্ন। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘স্যার একটু কথা বলতে পারি?’ তিনি বললেন, ‘আজ না, আপনাদের সঙ্গে কাল সকালে কথা বলব।’ এটা বলে আনমনে হাঁটতে থাকেন তিনি। কিছুক্ষণ পরই ভারতের নাট্যদল সংস্তবের ‘ছাড়িগঙ্গা’ নাটকে অভিনয় করবেন তিনি। হয়তো চরিত্রে ঢোকার চেষ্টার জন্য এমনটা করছেন।
অনীক বসুর নির্দেশনায় ‘ওই উজ্জ্বল দিন, ডাকে স্বপ্ন রঙিন’ গানটির সঙ্গে দলীয় উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। মিলনায়তনজুড়ে নেচে নেচে অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করেন শিল্পীরা। এরপর স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব আকতারুজ্জামান। বক্তব্য দিতে একে একে তিনি আমন্ত্রণ জানান অতিথিদের।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। অন্য অতিথিরা হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যজন ঝুনা চৌধুরী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করে উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।
ফেরদৌসী মজুমদার বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজই প্রথম সামনে থেকে দেখি, কথা বলি। তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। ব্যক্তিত্বের সঙ্গে তিনি দর্শনধারীও বটে। যে উৎসব শুরু হয়েছে, সেটা যেন অব্যাহত থাকে।’
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘এই দেশের মানুষের আদরের অত্যাচার বেশ। সমস্ত পৃথিবীতে খাওয়াতে ভালোবাসে এমন মানুষ আর পাওয়া যাবে না।’ তিনি জীবনানন্দের ‘বাংলার মুখ’ কবিতাটি আবৃত্তি করে শোনান।
সৌমিত্রের বক্তব্যের পর কোনো বক্তাই আর বক্তব্য রাখতে রাজি হচ্ছিলেন না। রসিকতাচ্ছলে এ নিয়ে রীতিমতো আক্ষেপই জানান আসাদুজ্জামান নূর।
পঙ্কজ সরন, সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদারের হাতে উৎসবের স্মারক তুলে দেন অর্থমন্ত্রী। উপস্থিত অতিথিরা মঞ্চের ওপর বাঁশের শৈল্পিক ধারকে রাখা প্রদীপে আগুন জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনের ওপর ও নিচতলা দর্শকে পূর্ণ হয়ে যায়। এমনকি মিলনায়তনের বাইরেও নাটক দেখার জন্য দেখা যায় দর্শকদের লম্বা সারি। এদের কেউ কেউ টিকিট না পেয়ে উষ্মা প্রকাশ করেন। তাঁদের জানানো হয়, নাটকটি শনিবার আবারও মঞ্চস্থ হবে।
আজ দেখানো হয় ভারতের নাট্যদল সংস্তবের নাটক ‘ছাড়িগঙ্গা’। এতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দেখানো হয় ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’।
উৎসব উপলক্ষে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় থাকবে নাটক। এগুলো দেখানো হবে নাট্যশালার মূল মিলনায়তন এবং পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। এ ছাড়া উৎসবের উন্মুক্ত মঞ্চে থাকবে নাচ, গান, পথনাটক, আবৃত্তি। উৎসবে দেখানো হবে ভারতের তিনটি, রাজশাহীর একটি, চট্টগ্রামের একটি এবং ঢাকার ৪৮টি দলের নাটক। ২০১২ সালে কলকাতায় প্রথম এই উৎসব শুরু হয়।