হিরোশিমা দিবসে 'ত্রিংশ শতাব্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য
ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য

গুলশান ট্র্যাজেডিতে নিহত ব্যক্তিদের উত্সর্গ করে হিরোশিমা দিবসে মঞ্চায়ন হবে নাটক ‘ত্রিংশ শতাব্দী’। নাট্যসংগঠন স্বপ্নদল ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শনিবার ৬ আগস্ট পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের লবিতে থাকবে ‘হিরোশিমা দিবস-২০১৬’-এর আয়োজন। পরে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটির ৮৪তম মঞ্চায়ন।

হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭১ বছর পূর্তিতে বিকেল পাঁচটা থেকে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের লবিতে থাকবে হিরোশিমা-নাগাসাকি-গুলশানের ঘটনা নিয়ে যুদ্ধ-জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী পোস্টার-আলোকচিত্র-সংবাদপত্র-ভিডিও প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিলনায়তনে যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা। এরপর সন্ধ্যা সাতটা থেকে থাকবে নাটক।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ। বিশেষ অতিথি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও জাপান-বাংলা পিস্ ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ। গত ১৫ বছর ধরে নিয়মিত শান্তির সপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে নাটকের দল ‘স্বপ্নদল’। ২০১১ সাল থেকে এ আয়োজনে যুক্ত রয়েছে শিল্পকলা একাডেমি। এ ছাড়া দিবসটি পালনে সহযোগিতা করছে জাপান-বাংলা পিস্ ফাউন্ডেশন ও জাপান দূতাবাস।

ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য
ত্রিংশ শতাব্দী নাটকের একটি দৃশ্য

‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি দেশে ছাড়াও যুক্তরাজ্যের লন্ডনে, ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ১৩তম ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় (এনএসডি) অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’, কলকাতার দমদমে ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬’সহ ভারতের বগুলা ও কল্যাণীতে মঞ্চস্থ হয়েছে।
হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্ত কাহিনিনির্ভর স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটির মূল রচয়িতা বাদল সরকার। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।