হয়ে গেল বঙ্গমেলা

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হয়ে গেল ‘বঙ্গমেলা-২০১৫’। ২৫ ও ২৬ জুলাই এ মেলা অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার জর্জ ম্যাসন ইউনিভার্সিটির সেন্টার ফর আর্টস মিলনায়তনে। গত শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় মেলার উদ্বোধন করা হয়। বঙ্গমেলার প্রথম দিন উদ্বোধনী পর্বে নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে নৃত্যসংগঠন ‘ধ্রুপদ’-এর প্রযোজনা ‘আলোর পথযাত্রী’ শিরোনামের একটি পরিবেশনার মঞ্চায়ন হয়। গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্র থেকে ওয়ার্দা রিহাব কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম পরিবেশনাতেই আমরা দারুণ সাড়া পেয়েছি! সবাই এখন আমাদের আজকের (রোববার) পরিবেশনার জন্য অপেক্ষায় আছে। সবার আগ্রহ দেখে খুব ভালো লেগেছে।’ মেলার প্রথম দিন বাংলাদেশ থেকে আরও ছিল রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসার পরিবেশনা।
মেলার দ্বিতীয় দিনের সূচিতে আছে সুরের ধারার শিল্পীদের রবীন্দ্রসংগীত পরিবেশনা। ওয়ার্দা রিহাবের পরিচালনায় ধৃতি নর্তনালয়ের শিল্পীদের শ্যামা নৃত্যনাট্যটিও দ্বিতীয়বার পরিবেশনার কথা রয়েছে। একই মঞ্চে মেলার শেষ দিন গাইবেন ফাহমিদা নবী, শফি মণ্ডল ও তাঁর দল, অনুপ বড়ুয়া, প্রিয়াংকা গোপ ও পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা ব্যানার্জি। দুই দিনের এই বঙ্গমেলা সঞ্চালনা করছেন কলকাতার রিনি বিশ্বাস ও দেবাশীষ রায়চৌধুরী।