হুমায়ূন আহমেদ স্মরণে শিল্পকলায় দেবী
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর রচিত মিসির আলী সিরিজও পাঠককুলে বেশ জনপ্রিয়। এই সিরিজের একটি অনন্য সৃষ্টি দেবী। এই উপন্যাস অবলম্বনে রচিত হয়েছে মঞ্চনাটক ‘দেবী’। উপন্যাসটির মতো একটি অতিপ্রাকৃতিক বিষয়কে কেন্দ্র করেই নাটকটি আবর্তিত হয়।
আজ বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মঞ্চে বহুবচনের নাটক ‘দেবী’ মঞ্চস্থ হয়। আজ ছিল নাটকটির ১০৫তম প্রদর্শনী।
‘দেবী’ নাটকটির কেন্দ্রীয় চরিত্র রানু। গল্পটি শুরু হয় এক মাঝরাতের বর্ণনা থেকে। রানু কিছু অস্বাভাবিক অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে, যার বাস এই মর্ত্যে নয়। অন্য কোনো ভুবনে। রানুর স্বামী আনিস ব্যাপারটি নিয়ে বেশ বিচলিত বোধ করেন। রানুর এই অস্বাভাবিকতাকে অসুস্থতা ধরে নিয়ে আনিস সমস্যা সমাধানের জন্য মিসির আলির শরণাপন্ন হয়। মিসির আলি রানুর বিশেষ ক্ষমতা টের পেয়ে তার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। এভাবেই এগোয় গল্প। মানুষের অতীত তো মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এ রকম এক ভয়ংকর অতীত থেকে ১৬-১৭ বছর বয়সী রানুর প্রাণান্ত বাঁচার লড়াইয়ের প্রশ্নে দেবীসত্তাকে আঁকড়ে ধরা আর রহস্যভেদী মিসির আলির বাস্তবতা অন্বেষণের টানাপোড়েনের নাটক ‘দেবী’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। নাটকের বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন আশিক খান, তৌফিকুর রহমান, আরহাম আলো, মাহমুদ প্রমুখ।