হুমায়ূন আহমেদের স্মরণে 'নদ্দিউ নতিম'

দৈনিক পত্রিকার পাতায় ছোট্ট একটা বিজ্ঞাপন-একজন সার্বক্ষণিক টিউটর প্রয়োজন, টিউটরের সৃজনশীলতা ব্যক্তিগত যোগ্যতা হিসেবে ধরা হবে, বেতন আকর্ষণীয়। বেতনের আকর্ষণীয় ক্ষমতায় একজন কবি তাঁর কবি সত্তাকে সাময়িক স্তিমিত করে একজন মানসিক প্রতিবন্ধী বাচ্চার টিউটর পদে অভিষিক্ত হলেন। টিউটর শিপের কর্মকাণ্ডে অসন্তুষ্টি হেতু কবিকে বরখাস্ত করা হলো। কিন্তু প্রতিবন্ধী বাচ্চাটি কবিকে ভুলতে পারলেন না। বাচ্চাটি কবির সঙ্গে কথা বলতে আগ্রহী, কিন্তু সে সুযোগ তো আর নেই। কবি চলে গেছেন। বাচ্চাটি জেদ ধরে-সে কথা বলবেই বলবে। একপর্যায়ে সুযোগ হয় কবির সঙ্গে কথা বলার। বাচ্চাটি কবির সঙ্গে তাঁর জীবনের একটি গোপন বিষয় ভাগাভাগি করে, যে গোপন বিষয়টির জন্য কবিকে শেষ পর্যন্ত জীবন দিতে হয়।
কী সেই গোপন বিষয় যার জন্য কবিকে জীবন দিতে হলো? এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে এগিয়ে যায় ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’-এর কাহিনি।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে, তাঁকে স্মরণ করে মঞ্চায়ন হবে তারই উপন্যাস থেকে নাটক ‘নদ্দিউ নতিম’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে কাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’ নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক, সেট ও লাইট পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা করেছেন সোনিয়া হাসান এবং আবহসংগীত পরিকল্পনা করেছেন আর্য মেঘদূত।