১ বছর পর ঢাকার মঞ্চে 'এ ম্যান ফর অল সিজনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এ ম্যান ফর অল সিজনস’ নাটকের একটি দৃশ্য: ফাইল ছবি
‘এ ম্যান ফর অল সিজনস’ নাটকের একটি দৃশ্য: ফাইল ছবি

প্রায় এক বছর পর ঢাকার মঞ্চে দেখা যাবে নাটকের দল প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘এ ম্যান ফর অল সিজনস’। শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় নাট্যোৎসবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের ষষ্ঠ প্রযোজনাটি। নাটকটি ২০১৫ সালের ২৬ অক্টোবর সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল।
‘এ ম্যান ফর অল সিজন্স’ নাটকটি প্রথম ১৯৬০ সালে প্রকাশিত হয় এবং মূল নাটকটি ১৯৬১ সালের ২২ নভেম্বর নিউ ইয়র্কে মঞ্চস্থ হয়। রবার্ট বোল্টের রচনা থেকে নাটকটি অনুবাদ করেছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকটির ঐতিহাসিক পটভূমি ষোড়শ শতকের ইংল্যান্ড। মধ্যযুগের শেষ দিকে শুধু ইংল্যান্ড নয়, সমগ্র ইউরোপে তখন পরিবর্তনের জোয়ার সূচিত হচ্ছিল। ফলে ধর্ম, রাজনীতি ও অর্থনীতির মধ্যকার বিরোধ অনিবার্য হয়ে উঠেছিল। ১৫২০–এর দ্বিতীয়ার্ধ হতে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি এবং পোপের মধ্যে বিরোধের সূচনা ঘটে। যার অনিবার্য পরিণতি ‘দি ইংলিশ রিফর্মেশন’।
রাজা অষ্টম হেনরি সিংহাসনে আরোহনকালে তাঁর ভাইয়ের বিধবা পত্নী স্পেনের রাজকন্যা ক্যাথরিনকে বিয়ে করেন। এই বিয়ে খ্রিষ্টীয় রাষ্ট্রের বন্ধুত্বের কথা চিন্তা করে পোপ আইনের সংশোধন করে এই বিয়েতে মত দেন। কিন্তু কিছুদিনের মধ্যেই দুই দেশের বন্ধুত্ব নষ্ট হয়। ক্যাথরিন কোন পুত্রসন্তানের জন্ম দিতে ব্যর্থ হন এবং রাজা অ্যান বুলেন নামক এক নারীর প্রণয়াসক্ত হন। তারপর রাজা তাঁর বিয়ে অবৈধ দাবি করে পোপের কাছে বিচ্ছেদ অনুমোদন করার আবেদন করেন। পোপ তাতে অসম্মত হলে রাজা ‘অ্যাক্ট অব সুপ্রিমেসী’ বিল পাশ করে নিজেকেই ইংল্যান্ডের চার্চের প্রধান বলে অভিষিক্ত করেন ও বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে অ্যান বুলেনকে বিয়ে করেন।
রোমের সবাই এ বিয়ে মেনে নিলেও তৎকালীন লর্ড চ্যান্সেলর স্যার টমাস মোর এ বিয়েতে সম্মতি দেননি। তিনি প্রতিবাদও করেননি। শুধু তিনি নিজ পদ হতে ইস্তফা দেন। এই নাটকের ঘটনাপ্রবাহ মূলত তাঁকে কেন্দ্র করেই আবর্তিত এবং সমাজ ও নিজের সঙ্গে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে তাঁর চিন্তাধারার সুস্পষ্ট তাই নাটকের মূল উপজীব্য।