১৫ বছরে প্রাচ্যনাট স্কুল
২৯তম ব্যাচের কার্যক্রম শুরুর মাধ্যমে ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছয় মাসমেয়াদি এই সেশনের ক্লাস শুরু হবে আগামী ২৪ জুলাই। বাংলাদেশের অভিনেতা, অভিনেত্রী এবং নাট্যবিষয়ক মঞ্চ ও আলোক পরিকল্পক এখানে ক্লাস নেবেন। নতুন ব্যাচ শুরুর আগে স্কুলটির ২৮তম ব্যাচ ৭ জুলাই তাদের সমাপনী প্রযোজনা গুপী গাইন বাঘা বাইন-এর মাধ্যমে কোর্সটি শেষ করবে।
২০০১ সালে শুরু হওয়া স্কুলটি থেকে গত ১৪ বছরে প্রায় সাড়ে সাত শ শিক্ষার্থী কোর্সটি সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে অনেকেই থিয়েটার ও টেলিভিশনে অভিনয়, মডেলিং এবং চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাণ করছেন। উল্লেখ্য, প্রতিবছর দুটি করে ব্যাচ এই কোর্স সম্পন্ন করে। প্রাচ্যনাট স্কুলের শ্রেণিকক্ষ ২৭৮/৩ কাঁটাবন ঢাল, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা ১২০৫-তে প্রতি শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস হয় এবং মাসে একটি শুক্রবার সারা দিন ক্লাস হয়। এর আগে ২৭টি ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে ২৭টি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছে। বিজ্ঞপ্তি।