৪২-এ খেয়ালীর পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঙাল কবীর ষষ্ঠ পথনাট্যোৎসবের উদ্বোধনীতে সমবেত সংগীত পরিবেশনা। ছবি হাসান রাজা
কাঙাল কবীর ষষ্ঠ পথনাট্যোৎসবের উদ্বোধনীতে সমবেত সংগীত পরিবেশনা। ছবি হাসান রাজা

জুরাইনের মুরাদপুর সমীরণ নেসা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ‘কাঙাল কবীর ষষ্ঠ পথনাট্যোৎসব’। খেয়ালী নাট্যগোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের শুরুর দিনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দলটির শিল্পীরা। প্রথম দিন নাটক যদি কিছু মনে না করেন পরিবেশন করে চন্দ্রকলা থিয়েটার, রঙ্গপীঠ করে খেয়া পাড়ের মাঝি এবং নাট্যদল (টিএসসি) পরিবেশন করে পতাকা।
আজ সন্ধ্যায় উৎসবটির উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। আয়োজক সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নাট্যকার এ কে এ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, খেয়ালীর প্রধান পৃষ্ঠপোষক আহম্মেদ আলী প্রমুখ। অতিথিরা বলেন, নাট্যাঙ্গনে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে খেয়ালী নাট্যগোষ্ঠী। নাটকের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনেও ভূমিকা রেখেছে দলটি।

প্রথম দিনে পরিবেশিত পতাকা নাটকের একটি মুহূর্ত ছবি হাসান রাজা।
প্রথম দিনে পরিবেশিত পতাকা নাটকের একটি মুহূর্ত ছবি হাসান রাজা।

প্রতিষ্ঠানটির সেক্রেটারি জেনারেল শাহীন আহম্মেদ জানান, শুক্র ও শনিবার বিকেলের সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবে খেয়ালী নাট্যগোষ্ঠী। উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার থাকবে ছয়টি নাটক। সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। শনিবার শেষ দিন থাকবে ছয়টি দলের নাটক। এ দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন খাঁন স্মরণে রাজধানীর জুরাইনে ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় খেয়ালী নাট্যগোষ্ঠী। দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে তিন দিনের এ পথনাট্যোৎসব।