'আগামী'র ৩৫ ও 'চাকা'র ২৫

বিকল্প ধারার চলচ্চিত্রে ‘আগামী’ ও ‘চাকা’ দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। ‘আগামী’ ছবির মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন শুরু হয়েছিল। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে একঝাঁক তরুণকে নিয়ে হয়েছিল একটি চলচ্চিত্র কর্মশালা। সেখান থেকেই বেরিয়ে এসেছেন আজকের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদরা। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মোরশেদুল ইসলামের দুটি ছবি ‘আগামী’ ও ‘চাকা’ নিয়ে হয়ে গেল মিলনমেলা। সেখানে স্মৃতিচারণায় উঠে আসে ছবি দুটি নিয়ে নানা অভিজ্ঞতা এবং বিকল্প ধারার সিনেমা আন্দোলন।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে থাকাকালীন ফিল্মের একটি কোর্স শেষ করেই ঝাঁপিয়ে পড়েছিলেন তরুণ মোরশেদুল ইসলাম। দেখতে দেখতে ‘আগামী’ পেরিয়েছে ৩৫ বছর ও ‘চাকা’ পেরিয়েছে ২৫ বছর। ছবির অভিনয়শিল্পী, কলাকুশলীরা হয়ে উঠেছিলেন স্মৃতিকাতর। আর তরুণ নির্মাতা ও চলচ্চিত্রকর্মীরা বললেন তাঁদের চলচ্চিত্র নির্মাণে এই ছবি দুটির প্রভাব ও গুরুত্বের কথা।
মঞ্চে উঠে মোরশেদুল ইসলাম ঘোষণা দেন, একেবারেই অনাড়ম্বর এই অনুষ্ঠান। কোনো আনুষ্ঠানিকতা নেই। কেবল ছবি দুটি নিয়ে স্মৃতিচারণা ও পরে দুটি ছবিরই প্রদর্শনী হবে। তিনি স্মরণ করলেন ছবি দুটি তৈরির নানা অভিজ্ঞতা। ‘আগামী’ ছবিটি দেশ স্বাধীন হওয়ার পর একজন মুক্তিযোদ্ধার জীবন বাস্তবতা নিয়ে। পঁচাত্তরের পর পরিবর্তিত সময়। ক্ষমতায় এরশাদ সরকার। ছবিটির সেন্সরে বাধা আসে। পরবর্তী সময়ে ছবির মুক্তির জন্য আন্দোলন করতে হয়েছিল। এরপর তিনি সেলিম আল দীনের নাটক অবলম্বনে তৈরি করেন ‘চাকা’ ছবিটি। এই ছবি বিদেশি চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসা কুড়ায়। সেই শুরুর পর এখনো ছবি করে চলেছেন মোরশেদুল ইসলাম। তবে তিনি মনের মতো ছবি এখনো বানাতে পারেননি বলে জানালেন।

স্মৃতিচারণা চলে। একে একে স্মৃতিচারণা করেন মকসুদুল বারী, সুজাউদ্দিন আহমেদ। হুইলচেয়ারে বসে মঞ্চে প্রবেশ করেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী। তাঁর কাছে দেওয়া হলো মাইক্রোফোন। তিনি বলেন, ‘আমি যখন ছবি করতাম, তখন মোরশেদের লোভ ছিল আমার এই ভিউ ফাইন্ডারের প্রতি। এখন সে অনেক বড় পরিচালক। আজ আমি তাকে উপহার হিসেবে এই ভিউ ফাইন্ডারটি দিতে চাই।’ এ কথা বলে তিনি মোরশেদুল ইসলামের গলায় পরিয়ে দেন ভিউ ফাইন্ডারটি।
মঞ্চে আসেন ‘চাকা’ ছবির প্রধান সহকারী পরিচালক আকরাম হোসেন। ‘চাকা’র গানটি নিয়ে তাঁর অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরলেন। আকরাম বলেন, ‘মোরশেদ ভাই সব সময় ঠিক সময়ে কাজ শেষ করার তাড়া দিতেন। “চাকা” ছবির শুটিংয়ের তারিখ ঠিক হয়েছে। কিন্তু এখানে যে গান ব্যবহার হবে, তা কোথাও পাচ্ছি না। মোরশেদ ভাই আমাকে গান খোঁজার দায়িত্ব দিলেন। কী গান খুঁজব, কেমন হবে? এটা ভাবতে ভাবতে একদিন গভীর রাত হয়ে যায়। ভাবলাম, লিখে ফেললে কেমন হয়? লিখে পরের দিন সকালে মোরশেদ ভাইকে দেখালাম। তিনি কিছু কারেকশন দিলেন। এভাবে তৈরি হয়েছিল “চাকা” ছবির গানটি।’
নাদিরা বেগম অভিনয় করেছিলেন ‘আগামী’ ছবিতে। তিনি বললেন, ‘আমরা একই ব্যাচে ওই কর্মশালা করি। মোরশেদ আমাকে একটি চরিত্র করার প্রস্তাব দেয়। আমি রাজি হই। তখন আমি আরণ্যকে কাজ করি। শুটিংয়ে একটা বাচ্চা ছেলের প্রয়োজন। আমাকে বলা হলো বাচ্চা জোগাড় করতে। আমি বাচ্চা কোথায় পাই। অচেনা একটা গ্রামে শুটিং। আমি আমার কস্টিউম পরেই গ্রামের মধ্যে ঢুকে গেলাম। ভাবলাম, কোনো বাড়িতে বাচ্চা পেয়েও যেতে পারি। একটা বাড়িতে দেখি, এক মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে। আমি তাঁকে বললাম তাঁর বাচ্চাকে একটু দিতে। তিনি দেবেন না। বললেন, কান্নাকাটি করবে। আমি বললাম, আমি সামলে নেব। আমার কাছে চকলেট আছে। তারপর বাচ্চাকে আমি নিয়ে আসি। মোরশেদ দেখে অবাক! এভাবেই শুটিং হয়েছিল “আগামী”র।’

নাদিরা বেগমের স্বামী হিসেবে ‘আগামী’ ছবিতে অভিনয় করেছিলেন মুজিবুর রহমান দিলু। তিনি বললেন, ‘আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছিলাম। তাই ছবিটি নিয়ে আমার আবেগ ছিল অনেক বেশি। ছবিটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল।’
‘চাকা’ ছবির অভিনেতা আশীষ খন্দকার তখন সদ্য ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে এসেছেন। এসেই প্রস্তাব পেলেন ‘চাকা’য় অভিনয় করার। তিনি বলেন, ‘চলচ্চিত্র নিয়ে আমার ওরিয়েন্টেশন ছিল এনএসডিতে পড়ার সময়ই। “চাকা”য় অভিনয়ের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা হয়েছিল।’
অনুষ্ঠানে আসেন প্রবীণ চলচ্চিত্রকার হায়দার রিজভী। ১ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। এই অনুষ্ঠানেই কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়। মিলনমেলায় স্মৃতিচারণা করেন মসিহউদ্দিন শাকের, অধ্যাপক আনোয়ার হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, আকরাম খান, অধ্যাপক মোবাশ্বেরা খানম, মুনীরা মোরশেদ মুন্নী, রতন পাল, আরমান পারভেজ মুরাদ, বেলায়াত হোসেন প্রমুখ।