'ইডিপাস'-এর ১০০

তির্যক নাট্যদল প্রযোজিত ইডিপাস নাটকের শততম মঞ্চায়ন হচ্ছে আজ চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর এর প্রথম মঞ্চায়ন হয়।
ইডিপাস–এর দুই দশকের এই সুদীর্ঘ যাত্রা সম্পর্কে নাটকটির নির্দেশক আহমেদ ইকবাল হায়দার বললেন, ‘আমাদের দলের চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে কাকতালীয়ভাবে ইডিপাস-এরও সেঞ্চুরি হতে যাচ্ছে। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণার বিষয়।’
শুরু থেকে একটানা সাত বছরে ৯২টি প্রদর্শনী হয়েছে এ নাটকের। এর নিয়মিত প্রদর্শনীর সর্বশেষ মঞ্চায়নটি হয় ২০০৩ সালের ২৮ ডিসেম্বর কলকাতায়। এরপর দীর্ঘ বিরতি। দ্বিতীয় পর্যায়ে আবার প্রদর্শনী শুরু হয় গত বছরের ১৮ জুন। ইডিপাস নাটকের নির্দেশক বলেন, ‘সবচেয়ে বড় কথা, প্রথম প্রদর্শনীতে নাটকটির সঙ্গে যাঁরা ছিলেন, শততম মঞ্চায়নের সময় তাঁদের প্রায় সবাই আছেন। এটাই আমাদের গৌরব।’
ইডিপাস নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন শায়লা শারমিন, রমিজ আহমেদ, সুজিত চক্রবর্ত্তী, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, জুয়েল চাকমা, মানিক মিয়া, লাবনী বিশ্বাস, বন্দনা বর্ণা, মফিজুর রহমান ও আহমেদ ইকবাল হায়দার।
আহমেদ ইকবাল হায়দার আরও জানান, আগামী ৫ ও ৬ জুন ঢাকার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাটকটির ১০১তম প্রদর্শনী হবে। সেখানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান ও নাসির উদ্দীন ইউসুফকে সম্মাননা জানাবে তির্যক।