'ইডিপাস'-এর শততম মঞ্চায়ন

আড়াই হাজার বছর আগে সফোক্লিস রচিত ইডিপাস নাটকের কাহিনি আজও মানুষকে আকর্ষণ করে। আজও মানুষ ইডিপাসের নিয়তির জন্য কাঁদে। এ কারণে এই বিংশ শতকেও ইডিপাস অভিনীত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদল প্রযোজিত এই নাটকের শততম মঞ্চায়ন হয়ে গেল।
নাটকের শুরুতে দলের পক্ষ থেকে উপস্থিত দর্শকদের স্বাগত জানান শিক্ষাবিদ ড. অনুপম সেন। তিনি বলেন, 'প্রাচীন গ্রিক সভ্যতার ইতিহাসে নাটক তাদের শিল্পদর্শনের প্রধান বাহন হিসেবে পরিণত হতো। বিশ্বনাট্যে তাদের ভাবনা এবং কর্মসৃজন আমাদের শিল্পভাবনাকে অবিরতভাবে আলোকিত করেছে। তির্যক এ ধরনের একটি নাটকের শততম মঞ্চায়ন সম্পন্ন করেছে, যা সত্যিই গৌরবের এবং একটি মাইলফলক।’
আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ইডিপাস নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন শায়লা শারমিন, রমিজ আহমেদ, সুজিত চক্রবর্ত্তী, রিপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, অমিত চক্রবর্ত্তী, জুয়েল চাকমা, মানিক মিয়া, লাবণী বিশ্বাস, বন্দনা বর্ণা, মফিজুর রহমান।
আজ শনিবার তির্যকের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে নাট্যকর্মী সম্মিলন, সন্ধ্যায় আলোচনা ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।