'কমলা সুন্দরী' আজ আসবে স্টুডিও থিয়েটারে

‘কমলা সুন্দরী’ মৈমনসিংহ গীতিকার অন্যতম জনপ্রিয় একটি আখ্যান। পালাটি রচিত হয়েছে আনুমানিক ১০০ বছর আগে। মূল পালা রচনা করেছেন দ্বিজ ঈশান এবং সংকলন ও সংগ্রহ করেছেন দীনেশ চন্দ্র সেন, কিন্তু আধুনিক পালাটি নাট্যরূপ ও গীত রচনা করেছেন আবদুল হালিম আজিজ। প্রজাহিতৈষী হুলিয়ার জমিদার মানিক চাকলাদারের একমাত্র রূপসী কন্যা কমলাকে ঘিরে কমলা সুন্দরী নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত।
আজ সন্ধ্যা সাতটায় মঞ্চনাটক আকারে এটি দেখা যাবে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে। মঞ্চস্থ করবে নাটকের দল নাট্যতীর্থ। আজ নাটকটির ৬১তম প্রদর্শনী।
নাটকে দেখা যাবে, চাকলাদারের চাকর কারকুন কমলাকে পছন্দ করে এবং গোয়ালিনী মারফত প্রেমপত্র পাঠায়। কমলা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে কারকুন চাকলাদারের নামে রাজার কাছে মিথ্যা অভিযোগ করে চাকলাদারকে বন্দী করায় এবং নিজে জমিদারি দখল করে কমলাকে বিয়ে করতে চায়। কমলা প্রথমে মামার বাড়িতে আশ্রয় নিয়েও রক্ষা না পেয়ে জঙ্গলে এক মহিষালের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। সেখানে হঠাৎ তৃষ্ণার্ত রাজপুত্র প্রদীপ কুমারের আবির্ভাব ঘটে এবং প্রদীপ কুমার ও কমলা একে অপরের প্রেমে পড়ে যায়। রাজপুত্র প্রদীপ কুমার কমলাকে নিয়ে বাড়ি ফিরলে রাজা তার পরিচয় জানতে চায়। রাজা, চাকলাদারকে শূলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা শুনে কমলা প্রদীপের কাছে সব ঘটনা খুলে বলে। প্রদীপ রাজার কাছে আসল ঘটনা খুলে বললে রাজা চাকলাদারকে ছেড়ে দেয় এবং কারকুনকে শাস্তি দেয়।
‘কমলা সুন্দরী’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ।