'চারিদিকে যুদ্ধ' থেকে 'অমাবস্যার জোছনা'

প্রয়াত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা আবদুল্লাহ আল–মামুনের জনপ্রিয় মঞ্চনাটক চারিদিকে যুদ্ধ থেকে টেলিভিশন নাটক তৈরি হলো। নাম অমাবস্যার জোছনা। এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। মূল গল্প ঠিক রেখে সময়োপযোগী করে এর নাট্যরূপ দিয়েছেন পরিচালক নিজেই।
সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
এর আগেও আবদুল্লাহ আল–মামুনের মঞ্চনাটক ধরা দাও, আয়নায় বন্ধুর মুখ, চোর চোর ও কোকিলারার অংশবিশেষ নিয়ে টেলিভিশন নাটক নির্মাণ করেছেন এই পরিচালক।
আবদুল্লাহ আল–মামুনের লেখা মঞ্চনাটক নিয়ে টিভি নাটক নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘তরুণ ও যুবসমাজের অবক্ষয় থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনেক কিছুই আছে তাঁর নাটকে।’
পরিচালক বলেন,অমাবস্যার জোছনা নাটকের শেষ অংশটুকু আবদুল্লাহ আল–মামুনের আরেকটি মঞ্চনাটক তোমরাই থেকে নেওয়া হয়েছে।
চারিদিকে যুদ্ধ নাটকে শানু চরিত্রে অভিনয় করতেন আবদুল্লাহ আল–মামুন। এই চরিত্রটিকে টেলিভিশনে ‘ফারহান’ নাম দেওয়া হয়েছে। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের। তিনি বলেন, ‘একজন বড় মাপের মানুষের গল্পের নাটক এটি। আবার তাঁরই চরিত্র করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় পাওয়া।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আবদুল কাদের, মৌটুসী বিশ্বাস, অর্ষা, কিসলু আহমেদ প্রমুখ।
আগামী ১৬ ডিসেম্বর অমাবস্যার জোছনা নাটকটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানান পরিচালক।