'চিত্রাঙ্গদা' ৫০তম মঞ্চায়ন হবে জাতীয় নাট্যোৎসবে

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ সালে মাত্র ৩১ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যানটি রূপক ধরে আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে আর নারীর আত্ম-অধিকার প্রেরণার স্মারকরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নাটকের গল্পে উপস্থাপিত হয় মহাবীর অর্জুন সত্যপালনের জন্য এক যুগ ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে—অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে?

রচনার ১১৯ বছর পরে ২০১১ সালে সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদলের প্রযোজনায় ‘চিত্রাঙ্গদা’-এর নিয়মিত মঞ্চায়ন শুরু হয়। জাতীয় নাট্যোৎসবে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার ৫০তম মঞ্চায়ন হবে ২৯ সেপ্টেম্বর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আজ সন্ধ্যায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব-২০১৬’। উৎসবের ষষ্ঠ দিনে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দেখা যাবে ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত রচনা অবলম্বনে গবেষণাগার নাট্যরীতিতে ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। তিনি জানান, প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ করা হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-প্রত্যাশিত আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।

জাহিদ রিপন বলেন, কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ একটি অপ্রচলিত ও দুরূহ রচনা হিসেবে স্বীকৃত ছিল। কিন্তু স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথের ‘কাব্যনাট্য পাণ্ডুলিপি’টি অবলম্বনে।
‘চিত্রাঙ্গদা’র শিল্পীরা হলেন সোনালী, মিতা, মুস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, নাবলু, তানভীর, আঁচল, কাসপিয়া, ঊষা, শুভ, অমর, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, তীর্থ প্রমুখ।