ঢাকার মঞ্চে আজ যুক্ত হচ্ছে আরেকটি নতুন নাটক। থিয়েটারওয়ালা রেপার্টরির নতুন প্রযোজনাটির নাম জবর আজব ভালোবাসা। অন্তন চেখভের নাটক দ্য বিয়ার অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান তিনটি চরিত্রে সাজানো নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক সাইফ সুমন বলেন, গত ১৮ জুন নাটকটির কারিগরি প্রদর্শনী হয়েছে। এই নাটকে কোনো বার্তা বা প্রশ্ন বা মতবাদের প্রাচুর্য নেই আছে মানুষের অন্তর্গত চিরন্তন অনুভূতি ভালোবাসা এবং এর প্রকাশ। আছে শুধুই নিরেট আনন্দ দেওয়ার চেষ্টা।
নতুন এই নাটকের মঞ্চায়নের পাশাপাশি শিল্পকলা একাডেমিতে আজ আছে আরেকটি উৎসব। জাতীয় নাট্যশালায় আজ শুরু হচ্ছে লোক নাট্যদলের তিন যুগ পূর্তি উৎসব। কাল বৃহস্পতিবার দলটি তিন যুগ পূর্তি করবে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দুটি নাটক—অবাক জলপান ও কঞ্জুস।