'ত্রিংশ শতাব্দী'র ৮৫ তম মঞ্চায়ন কাল

দেশ-বিদেশে আলোচিত ও দর্শকনন্দিত হয়েছে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি। কাল রোববার নাট্যসংগঠন স্বপ্নদলের এ নাটকটির ৮৫ তম মঞ্চায়ন। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে দেখানো হবে নাটকটি।
এ নাটক যুদ্ধের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের যে বিষাদময় পরিণতি, তা তুলে ধরা হয়েছে নাটকটিতে। এ ছাড়াও আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিসিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-ফ্রান্স-গুলশান-শোলাকিয়ার ঘটনা, সিলেটের খাদিজার ওপর সাম্প্রতিক বর্বরতাসহ নানা প্রসঙ্গ। হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় নাটকটিতে প্রয়োগ করা হয়েছে আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’।
‘ত্রিংশ শতাব্দী’তে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, তানভীর শেখ ও জাহিদ রিপন। বাদল সরকারের রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
‘ত্রিংশ শতাব্দী’ ইউরোপের স্বনামখ্যাত নাট্যোত্সব ‘১৩ তম এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫ ’, নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭ তম ভারত রং মহোৎসব-২০১৫ ’, কলকাতার দমদমে ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬ ’সহ ভারতের বগুলা ও কল্যাণীতে আমন্ত্রিত প্রদর্শনীগুলো প্রশংসা কুড়িয়েছে।