'দুই যে ছিল এক চাকর'র আজ পঞ্চাশ

চান্দগাঁও শহরের গোফরান আলী চৌধুরী তার কন্যা আনারকলির বিবাহ স্থির করেছিলেন তুরানের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল্লাহ দস্তগীরের সঙ্গে। আবদুল্লাহ এক দ্বন্দ্বযুদ্ধে মারা যায়। যার ফলে গোফরান চৌধুরী এখন তার কন্যা আনারকলির সঙ্গে ঐ শহরের সম্ভ্রান্ত হেকিম জং বাহাদুরের পুত্র সেলিম জং বাহাদুরের বিবাহে সম্মতি দিয়েছেন। সেলিম ও আনারকলি একে অপরকে ভালোবাসে। বিবাহের চূড়ান্ত কথাবার্তার দিন মঞ্চে আবির্ভূত হয় আবদুল্লাহ দস্তগীর। সে এখন দাবি করে আনারকলিকে।
নাট্যকেন্দ্রের নাটক ‘দুই যে ছিল এক চাকর’-এর পটভূমি এটি। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্রের এ নাটকের ৪৯তম প্রদর্শনী। আজ একই স্থানে নাটকটির ৫০তম প্রদর্শনী ।
ইতালীয় নাট্যকার কার্লো গোল্ডনির বিখ্যাত নাটক ‘অ্যা সার্ভেন্ট অব টু মাস্টার্স’ অবলম্বনে নাটকটি বাংলায় রূপান্তর করেন প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। তাঁর নির্দেশনায় ২০১৩ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়।
নাটকে অভিনয় করেছেন সকিনা বেগম, সাদিকা ইয়াসমিন শান্তনা, লুসি তৃপ্তি গমেজ, শরীফ হোসেন ইমন, সাইফ উদ্দিন আহমেদ, ইউসুফ হাসান অর্ক, সংগীতা চৌধুরী প্রমুখ।