'দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া' হবে মহিলা সমিতিতে

স্বপ্নবাজ যুবক মালাওয়াল। স্বপ্ন দেখে বিপ্লবের মাধ্যমে ছিনিয়ে নেবে ক্ষমতা, ভেঙে ফেলবে ক্ষমতার রাজত্ব। এ লক্ষ্যে সে অভ্যুত্থানের পরিকল্পনা করে। সহযোগী বিপ্লবীদের নিয়ে একদিন হানা দেয় ক্ষমতাধর মাল্লাম ইলিয়ার বাড়িতে। কিন্তু সংঘাতে খুন হয় মাল্লাম ইলিয়ার স্ত্রী হালিমা। শুরু হয় নাটকের ভেতর নাটক। ঘটনাক্রমে মালাওয়ালকে দেখে মনে হয়, মাল্লামের সেই স্বীকারোক্তির সঙ্গে তিনি নিজেই যেন জড়িয়ে আছেন। তারপর? এমনই কৌতূহল ও দ্বান্দ্বিক বক্তব্য রয়েছে ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ নাটকে।
এবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকের দল বটতলার নতুন নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। আফ্রিকার মুহাম্মদ বেন আবদাল্লার লেখা নিরীক্ষাধর্মী এ নাটকটির অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় হবে নাটকটির ১৯তম প্রদর্শনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ মজুমদার, তৌফিক হাসান, সামিনা লুৎফা, কাজি রোকসানা, শেউতি সাগুফতা, মিজানুর রহমান, আবদুল কাদের, ইমরান খান, বাকিরুল ইসলাম, ইভান রিয়াজ প্রমুখ।