'নদ্দিউ নতিম' দিয়ে অভিষেক ম্যাড থেটারের

ঢাকার মঞ্চে আসছে আরেকটি নতুন নাটক। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাটকটির শিরোনাম ‘নদ্দিউ নতিম’। ‘ম্যাড থেটার’-এর প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। আগামী ৩০ অক্টোবর শুক্রবার, সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার এ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে ম্যাড থেটার।
একটি পত্রিকায় ‘টিউটর প্রয়োজন’ শীর্ষক বিজ্ঞাপনে আকর্ষণীয় বেতনের বিষয়টি দেখে একজন কবি একজন মানসিক প্রতিবন্ধী শিশুর শিক্ষক হন। পরে শিক্ষকের কর্মকাণ্ডে অভিভাবকেরা অসন্তুষ্ট হওয়ায় একসময় কবিকে বরখাস্ত করা হয়। কিন্তু প্রতিবন্ধী শিশুটি কবিকে ভুলতে পারে না। শিশুটি কবির সঙ্গে কথা বলতে আগ্রহী, কিন্তু সে সুযোগ তো আর নেই। কবি চলে গেছেন। বাচ্চাটি জেদ ধরে; সে কথা বলবেই বলবে। একপর্যায়ে কবির সঙ্গে কথা বলার সুযোগ হয় শিশুটির। সে তখন কবির সঙ্গে তাঁর জীবনের একটি গোপন বিষয় ভাগাভাগি করে, যে গোপন বিষয়টির জন্য শেষপর্যন্ত কবিকে প্রাণ দিতে হয়।
কিন্তু কী সেই গোপন বিষয়, যার জন্য কবিকে জীবন দিতে হলো? এ প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতেই এগিয়ে যায় ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’-এর কাহিনি।
আসাদুল ইসলামের নির্দেশনায় নাটকটির সেট ও লাইট ডিজাইন করেছেন ফয়েজ জহির। নাটকের কোরিওগ্রাফিতে আছেন আনিসুল হক বরুণ।
নদ্দিউ নতিম-নাটক প্রসঙ্গে নির্দেশক আসাদুল ইসলাম বলেছেন, এ নাটকে একজন শিশুর সত্যবোধকে বাঁচিয়ে রাখার জন্য একজন কবির নির্বিকার আত্মাহুতির চিত্রটি ফুটিয়ে তুলতে চেয়েছি। মঞ্চে সেই ছবি সফলভাবে ফুটে উঠবে কী উঠবে না; আমি জানি না। তিনি বলেন, আমি কাজটা করছি, কাজটা নিয়ে ভাবছি, কাজটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি-এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
কোন ভাবনা থেকে ম্যাড থেটার করা কিংবা এই ‘নদ্দিউ নতিম’ এর কাজ শুরু করা; জানতে চাইলে তিনি বলেন, আমি সুবচনে কাজ করছি দুই যুগ ধরে, এখনো করে যাচ্ছি। নাটকের সব ভাবনা সুবচনের কাছ থেকে পাওয়া। সুবচনের প্রশ্রয়ে আমার ভেতরের পাগলামিটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আমার পাগলামির প্রথম সংস্করণ ‘দ্য ম্যাড’-একটি পথনাটক। আমার সবগুলো পথনাটক নিয়ে একটি নাট্য সংকলন বের করেছি ঐতিহ্য থেকে, লন্ডনে মোড়ক উন্মোচন হয়েছিল যার, সেটিরও নাম ‘দ্য ম্যাড’। এরপর ফটোগ্রাফির পাগলামি থেকে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করি, নাম ‘ম্যাড ফটু’। সেই পাগলামিরই হালনাগাদ সংস্করণ ‘ম্যাড থেটার’।