'নাটকে মূলত গল্প বলতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইউসুফ হাসান। ছবি: আবদুস সালাম
ইউসুফ হাসান। ছবি: আবদুস সালাম
মান্দি সম্প্রদায়কে নিয়ে নাটক মাতব্রিং। আগামী ডিসেম্বরের তৃতীয় সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে নাটকটির মঞ্চায়ন। সুধীসমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। সাধনা আহমেদের লেখা সেই নাটকটি সম্পাদনা করে নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। অর্ক নামে পরিচিত এই নাট্যনির্দেশক ও অভিনেতা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অধ্যাপনা করছেন। জানালেন তাঁর নাটকে আসার পেছনের কথা, এই সময়ের কাজ ও মাতব্রিং নিয়েও কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন রাসেল মাহ্‌মুদ

 ই-মেইলে লেখক পাঠিয়েছিলেন ‘মাতব্রিং’। তারপর?

তারপর কেটে গেছে পৌনে তিন বছর। নাটকটিকে মঞ্চ উপযোগী করতে এতে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছিল। মূল গল্পটি ছিল মান্দি জাতিগোষ্ঠীকে ভূমি থেকে উচ্ছেদ। আমি প্রধান করলাম প্রেমকে। প্রেমেই তো অধিকার ও অধিগ্রহণের ব্যাপারটা থাকে। আর ভূমি থেকে উচ্ছেদ—বিষয়টি কি সারা পৃথিবীর গল্প নয়? যশোর বিবর্তন আমাকে নাটকটি করতে ব্যাপক সাহায্য করেছে। তাদের কারণেই প্রযোজনাটি ভালো হয়েছে। আমি নাটকে মূলত গল্প বলতে চাই। আর কত সুন্দরভাবে মঞ্চে সেই গল্পটা বলা যায়, এই চেষ্টাই করে যাচ্ছি।

ছিলেন ক্যাডেট কলেজের শিক্ষার্থী, নাটকে এলেন কীভাবে?

ক্যাডেট কলেজে পড়া অনেকেই লেখালেখি করছেন, তবে নাটকে এসেছেন কম। সৈয়দ জামিল আহমেদ ও তৌকীর আহমেদ তাঁদের অন্যতম। আমাদের বরিশাল ক্যাডেট কলেজে ক্লাব করার রীতি ছিল—কেউ বিতর্ক ক্লাব, কেউ নাটক। আমি ছিলাম গানের ক্লাবে। নাটকের ক্লাবে যেতে চেয়েছিলাম। কলেজের এক স্যার বলেছিলেন, তুমি গানের লোক, গানেই থাকো। ১৯৯০ সালে নাট্যকেন্দ্রের বিচ্ছু নাটক দেখে এত ভালো লেগে গেল, মনে হলো আমাকে নাটকই করতে হবে। এরপর প্রায় একই সঙ্গে ভর্তি হলাম নাট্যকেন্দ্র ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। এখন আমার সেই স্যারকে বলতে ইচ্ছে করে, আমি তো নাটকের লোকই হয়ে গেলাম।

নাট্যকেন্দ্র ও নাট্যতত্ত্ব বিভাগ—দুটিকে এক সুতায় বাঁধলেন কীভাবে?

নাটক প্রায়োগিক শিল্প। এখনো অবশ্য একে সাহিত্য হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি আছে। আমাদের দেশের ৮০ শতাংশ লোকই বলেন নাট্যসাহিত্য। অন্যদিকে নাট্যকেন্দ্র ও আমাদের বিভাগ পুরোপুরি আলাদা। নাট্যকেন্দ্র বিশ্বাসযোগ্য অভিনয়ে এবং আমার বিভাগ দেশীয় বাংলা থিয়েটারের চর্চায় বিশ্বাসী। দুটিকে অনেকে সাংঘর্ষিক মনে করেন। কিন্তু এই দুই স্থানে থাকার ফলে আমার জন্য হয়েছিল সুবিধা। আমি আমার মতো করে সবকিছু গ্রহণ করেছি। আ​মার শিক্ষক নাট্যাচার্য সেলিম আল দীনের কাছ থেকে বরাবরই নতুন কিছু করার সাহস পেয়েছি।

আপনি গল্প-উপন্যাসকে মঞ্চে এনেছেন। প্রক্রিয়া​িট কেমন?

উইলিয়াম শেক্‌সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতাকাহিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে নীলাখ্যান—এসব সাহিত্যকর্মকে মঞ্চে আনার চেষ্টা করেছি আমি। কতটা পেরেছি জানি না। আমাদের বিভাগ দ্বৈত-দ্বৈতবাদী শিল্পতত্ত্বে বিশ্বাস করে—যা নাটক তা-ই চিত্রকলা, সেটাই কবিতা বা গান। আমরা আঙ্গিকবিরোধী। আমরা মনে করি, এসবের প্রত্যেকটির ভেতরেই বহুব্যঞ্জনা থাকে। আমাদের অগ্রজেরা মধ্যযুগের যে সাহিত্যকে ‘কাব্য’ বলেছিলেন, একসময় আমরা সেটাকে ‘নাট্য’ বলছি। অন্তত সেলিম আল দীনের গবেষণার পর সেটাকে আর কাব্য বলা যাচ্ছে না। তাই ‘গল্প থেকে নাট্যরূপ’ ব্যাপারটিকে আমরা ব্যবহার করি না। যে গল্পটিকে নিয়ে আমরা ফ্লোরে যাই, বলতে পারি, সেটি ওই গল্প বা উপন্যাসের মঞ্চরূপ।

আমাদের মঞ্চনাটকে পরীক্ষা-নিরীক্ষা কেমন হচ্ছে?

গত শতকের নব্বইয়ের দশক থেকেই আঙ্গিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এখানে। তবে ‘ইম্প্রোভাইজেশন’ বলে যে ব্যাপারটি আছে, তা খুব একটা হয় না। কিন্তু মজার ব্যাপার হলো, বিশ্বের বেশ কিছু দেশের জাতীয় নাট্যশালায় পরীক্ষণ থিয়েটারই নেই। আমি জাপানে দুটি আন্তর্জাতিক থিয়েটার দেখেছি, সেখানে পরীক্ষণ থিয়েটার নেই। একটা স্টুডিও ও একটি প্রসেনিয়াম আছে। ফলে মঞ্চ নাটক নিয়ে আমাদের হতাশার কিছু নেই।