'বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’ নাটকের মহড়ার একটি মুহূর্ত ছবি প্রথম আলো
‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’ নাটকের মহড়ার একটি মুহূর্ত ছবি প্রথম আলো

বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। পেশায় পরিচ্ছন্নতাকর্মী। মুজিবনগর স্মৃতিসৌধটিকে পরিচ্ছন্ন করছিলেন। সিঁড়ি থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু। কাজ করতে করতে একসময় চলে আসেন স্মৃতিসৌধের মাঝ বরাবর, যেখানে লাল রংয়ে বেষ্টিত শপথের স্থান। লাল স্থানটিতে স্পর্শ লাগতেই মোহাচ্ছন্ন হন বৃদ্ধ। কিছুক্ষণের জন্য ঘোরলাগা এক স্মৃতিতে হারিয়ে যান তিনি।
মুজিবনগরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক অধ্যায়কে উপজীব্য করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পরিবেশ থিয়েটার ‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’ নাটকের শুরুটা এমন।
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে মুজিবনগরে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঐতিহাসিক অধ্যায়কে উপজীব্য করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মেহেরপুর, মুজিবনগর আম্রকাননে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাটকটি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর ভাবনা ও পরিকল্পনায় এবং বাকার বকুলের নির্দেশনায় পরিবেশ থিয়েটার প্রযোজনা ‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে এদিন।
নাটকটিতে দেখা যাবে, পরিচ্ছন্নতাকর্মীর ঘোরলাগা এক স্মৃতিতে একসময় দৃশ্যমান হয় ১৯৭০-এর নির্বাচন, উত্তাল মার্চ, ৭ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতাসংগ্রামের ডাক, ২৫ মার্চে অপারেশন সার্চলাইট, মুজিবনগর আমবাগানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ এবং বাংলাকে শত্রুমুক্ত করার প্রত্যয়দীপ্ত আত্মবলিদানের মুক্তিযুদ্ধ। একসময় চারদিকে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। বৃদ্ধ হাত রাখেন স্মৃতিসৌধের কংক্রিটে। কিছু পায়ের চিহ্ন খুঁজে বেড়ান তিনি, কিংবা বুক ভরে শ্বাস নেন অথবা হতে পারে হারিয়ে যাওয়া মানুষগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করেন।
নাটকের মূল উদ্যোক্তা শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের সংস্কৃতির ধারক ও বাহকরূপে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় শিল্পসংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে যেসব ব্যতিক্রমী সৃজনশীল কর্মযজ্ঞ আয়োজন করা হয়েছে, তার মধ্যে অন্যতম ১০০টি মুক্তিযুদ্ধের নাটক নিয়ে ‘মুক্তিযুদ্ধ নাট্যোৎসব’, ‘স্বপ্ন ও দ্রোহের নাট্যোৎসব’ এবং ‘সাহিত্যনির্ভর নাট্যোৎসব’ ছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আয়োজন করেছে প্রত্ননাটক ও পরিবেশ থিয়েটার। এ ধারাবাহিকতারই নাটক ‘বৈদ্যনাথতলা থেকে মুজিবনগর’। লিয়াকত আলীর সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ব্যারিস্টার আমীর-উল ইসলাম, জেলা প্রশাসক মেহেরপুর পরিমল সিংহ, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী এবং মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমিনুল আশরাফ, নজরুল ইসলাম, হুমায়ুন হিমু, শামীম শেখ, মাসুমা লিপা, আসিফ নূর, জিন্নাত আক্তার, এস এম নাইম হোসেন, ইন্দ্রানী ঘটক, মুরাদ হোসেন ফারজানা রহমান প্রমুখ।