'মায়া নদী' আমাদের ভেতরের নদীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফ কবির lছবি: সংগৃহীত
মারুফ কবির lছবি: সংগৃহীত

প্রায় দুই যুগ ধরে ঢাকার ঐতিহ্যবাহী নাট্যদল ‘থিয়েটার’-এর হয়ে নিয়মিত মঞ্চে কাজ করছেন মারুফ কবির। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ড্রামা বিভাগের ভিজিটিং স্কলার মারুফ কবির নাট্যশিক্ষার সংগঠন ‘আবদুল্লাহ আল–মামুন থিয়েটার স্কুল’ পরিচালনায় জড়িত। নাট্যপত্রিকা
থিয়েটার-এর সহযোগী সম্পাদকও তিনি। এ ছাড়া মারুফ ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড থিয়েটার ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক। এবার তিনি থিয়েটারের জন্য লিখেছেন নাটক মায়া নদী। নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি। ‘থিয়েটার
সপ্তাহ ২০১৫’ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা সাতটায় নাটকটি দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালায়। এই নাটকের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন তিনি।
‘মায়া নদী’র পেছনের গল্পটা কী?
‘থিয়েটার’ সব সময় সমসাময়িক বিষয় নিয়ে নাটক করে। তবে মায়া নদী ঠিক সমসাময়িক নয়। উন্নয়ন-সংশ্লিষ্ট সমস্যা নিয়ে এই নাটক। এতে নদী, প্রকৃতি ও মানবিকতাকে রক্ষার আবেদন আছে। উন্নয়নের নামে দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে ধ্বংস করে ফেলছি আমরা। আমাদের কর্ম ও পেশার অবিচ্ছেদ্য অংশ ছিল এই নদী। আমাদের রাজনৈতিক স্লোগান ছিল ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা’। অথচ এদের এখন কী অবস্থা তা তো সবারই জানা। আমাদের গল্পটা এই নদীকে বাঁচানোর। মায়া নদী আমাদের ভেতরের নদীর গল্প।
নাটকে ব্যাপারটা কীভাবে দেখানো হবে?
নাটকের একটি চরিত্র ‘কালীদাস’। তার ইচ্ছে—সব কটি নদীর তীরেই নিজের পদচিহ্ন রেখে যাওয়ার। কিন্তু সে যেখানেই যায়, দেখে নদী মরে গেছে। উন্নয়নের খাতিরে আমরা সেতু আর সড়ক নির্মাণ করছি। এতে নদীর কিন্তু ক্ষতি হচ্ছে।
মঞ্চে একটি নতুন প্রযোজনা আনার ঝক্কি কতটা?
মঞ্চের সংকট সব সময়ই ছিল। আর এখন নতুন নতুন সংকটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে দর্শকেরা সময়মতো হলে পৌঁছাতে পারছেন না। তারপরও মঞ্চে ভালো নাটক হচ্ছে। আজকাল আবার সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় নাটকের প্রচারণা চালাতে সমস্যা হচ্ছে।
নতুন কাজের পরিকল্পনা কী?
মার্চে থিয়েটারের জন্যই নতুন একটি নাটক আনার পরিকল্পনা আছে। সেটি আমিও লিখতে পারি। আবার নতুন কেউও লিখতে পারেন।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ