'রাঢ়াঙ'-এর সার্ধশত প্রদর্শনী
১৫০তম বারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে আরণ্যক নাট্যদলের নাটক রাঢ়াঙ। এ উপলক্ষে তিন দিনের একটি উৎসবের আয়োজন করেছে দলটি। ‘শুনি দূরাগত মাদলের ধ্বনি’ স্লোগানে ৩০ জুলাই থেকে শুরু হবে ‘রাঢ়াঙ উৎসব ২০১৫’। সেদিন সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা চত্বরে উৎসবের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এরপর নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শিত হবে দলটির আরেক নাটক ভঙ্গবঙ্গ।
উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে ১৫০তম বারের মতো প্রদর্শিত হবে রাঢ়াঙ। নাটক শুরুর আগে সন্ধ্যা ছয়টায় পরীক্ষণ থিয়েটারের লবিতে থাকবে একটি নাতিদীর্ঘ আনুষ্ঠানিকতা। সাঁওতালদের জীবন নিয়ে রচিত এ নাটক নিয়ে আরণ্যক নাট্যদলের কান্ডারি মামুনুর রশীদ বলেন, রাঢ়াঙ আরণ্যকের সফল একটি প্রযোজনা। জাতীয় ও আন্তর্জাতিক পাঁচটি উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। সাঁওতালদের নিয়ে তৈরি এ প্রযোজনাটি এ পর্যন্ত দেখানো হয়েছে দেশের সাঁওতাল অধ্যুষিত প্রায় সব কটি অঞ্চলে।
উৎসবের তৃতীয় দিন ১ আগস্ট সকাল ১০টায় জাতীয় নাট্যশালায় থাকবে একটি সেমিনার। আলোচনা করবেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্য সমালোচক অংশুমান ভৌমিক, অভিনেতা ও পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আলোচনার বিষয় ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেখানো হবে নাটক স্বপ্নপথিক। নাটক শুরুর আগে দেওয়া হবে দীপু স্মৃতিপদক।