
প্রথম ব্যাচের শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে স্মৃতিচারণ পর্ব। দরকার ‘বেশি কথা বলা’ একজনকে। কিন্তু যাকে ডাকা হলো তিনি মঞ্চে বা মিলনায়তনে ছিলেন না। মিলনায়তনের এক কোণ থেকে কেউ চিৎকার করে বললেন, ‘জার্নাল ভাইকে বাইরে দেখেছি। একটা পুরোনো আইফোনে সেলফি তুলছে।’ সঞ্চালক হাসান শাহরিয়ার বললেন, ‘জলদি ডেকে আনো তাঁকে।’
গতকাল শুক্রবার ছিল ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’-এর পনেরো বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আনন্দ আয়োজন। সকালে শিল্পকলা একাডেমির চারপাশ ঘুরে র্যালি, দুপুরের পর স্কুলের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। জাতীয় নাট্যশালার আঙিনায় ছিল উদ্বোধনী পারফরমিং আর্ট, উদ্বোধনী নৃত্য। নাচ পরিবেশন করেন স্নাতা শাহরিন ও তাঁর দল। এ ছাড়া ছিল ১ থেকে ২৯তম ব্যাচের পরিবেশনা। নাট্যশালার মূল মিলনায়তনের প্রবেশমুখে প্রাচ্যনাট স্কুলের শিল্পযাত্রা নিয়ে বড় পর্দায় ছিল একটি ভিডিও তথ্যচিত্রের প্রদর্শনী। গাজীর গান পরিবেশন করে সুরুজ ফকিরের দল।

বিকেলে উদ্বোধনী সংগীত ‘লক্ষ্য যদি সূর্য উদয় সূর্যাস্তে কেন ভয়’ পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি বলেন, ‘নাট্যযাত্রা কোনো সহজ বিষয় নয়। আমরা একসঙ্গে যাঁরা শুরু করেছিলাম, তাঁদের ৯৫ শতাংশ আজ আর এই পথে নেই। এটা খুব সহজ কিছু নয়, বরং একটা সংগ্রামের পথ। এই পথে লেগে থাকার জন৵ এগিয়ে যাওয়ার জন্য প্রাচ্যনাট স্কুলকে অভিনন্দন।’
স্কুলটির মুখ্য সম্পাদক তৌফিকুল ইসলাম জানালেন বৃহৎ এ আয়োজনের নানা দিক নিয়ে। তিনি বললেন, ‘তরুণেরা যাতে থিয়েটারের প্রতি আকৃষ্ট হয়, সে জন্যই এত বড় করে আয়োজনটি করেছি আমরা। জঙ্গিরা এক ধরনের অপবিশ্বাসে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করে। তাতে তাঁদের নিজেদের, পরিবারের বা দেশের কোনো লাভ হয় না। বরং থিয়েটারকর্মী, শিল্পীরা তাঁদের পরিবার, সমাজ, ঐতিহ্যের জন্য জীবন উৎসর্গ করে তাঁদের কাজগুলো করে যাচ্ছে। একটা নিশ্চিন্ত জীবন, চাকরি, করপোরেট জীবনের প্রলোভন থেকে বেরিয়ে এসে তাঁরা এসব করছে, এটাও একধরনের স্যাকরিফাইস।’ তিনি মনে করেন, তরুণেরা যতই তাঁদের দেশ, ঐতিহ্যের প্রতি দায়বদ্ধ হয়ে উঠবে ততই উগ্র জঙ্গিবাদ কমে আসবে।

অনুষ্ঠানের এক ফাঁকে কথা হয় স্কুলটির ক্রিয়েটিভ ডিরেক্টর আজাদ আবুল কালামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু থিয়েটার করে জঙ্গিবাদ দূর হবে না। মৌলবাদের পরবর্তী অবস্থা এই জঙ্গিবাদ যার বিকাশে অনেক সময় লেগেছে। এসব রাতারাতি কমানো যাবে না। জঙ্গিবাদ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেক অঞ্চলের নিজস্ব সংস্কৃতি রয়েছে। সেসবের চর্চার মাধ্যমে উগ্রতাকে দমন করা সম্ভব হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাশিল্পী ও সংগঠক মিলন কান্তি দে, এভারেস্ট বিজয়ী বাংলাদেশি এম এ মুহিত ও নিশাত মজুমদার। অতিথিদের উপস্থিতিতে প্রাচ্যনাটের শিক্ষক, সমন্বয়কারী, নির্দেশক ও সুহৃদদের স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়া সনদ দেওয়া হয় ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের। সন্ধ্যায় ছিল এই ব্যাচের পরিবেশনায় যাত্রাপালা ‘সিরাজদ্দৌলা’। রাতে ছিল আগুন খেলা ও সমাপনী অনুষ্ঠান।
