'সংস্কৃতি মন্ত্রণালয় যাত্রাশিল্পীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মিলন কান্তি দে
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মিলন কান্তি দে

‘আমরা মুখেই বলি যাত্রা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অধ্যায়। কিন্তু কার্যত এর কোন ফল আমরা দেখি না। সম্প্রতি সরকার ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ নামে যে কার্যক্রম সংস্কৃতি মন্ত্রণালয় হাতে নিয়েছে তাতেও যাত্রার কোনো স্থান নেই। এতেই প্রমাণ হয় যাত্রাকে সরকার কীভাবে বিবেচনা করে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার সকালে উন্নয়ন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি প্রবীণ যাত্রাশিল্পী মিলন কান্তি দে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় হতাশা জানিয়ে মিলন কান্তি দে আরও বলেন, ‘যাত্রাশিল্পীরা তিন বছরেও সাক্ষাৎ পাননি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের। বারবার চেষ্টা করেও যাত্রাশিল্পীরা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারেননি। সংস্কৃতি মন্ত্রণালয় যাত্রাশিল্পীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে।’
তিনি বলেন, ‘আমি বিস্মিত হই, যে যাত্রাপালা স্বদেশি আন্দোলনের ডাক দিয়েছিল, সাম্য ও মৈত্রী মানবতার বাণী দিয়ে গ্রাম বাংলার মানুষতে উজ্জীবিত করে রেখেছিল, ভূমিকা রেখেছিল দেশের সকল আন্দোলন সংগ্রামে, সেই যাত্রাশিল্পের সঙ্গে আজ বিমাতাসুলভ আচরণ করছে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। অশ্লীলতার অভিযোগ টেনে যাত্রাশিল্পের অগ্রযাত্রা কিংবা উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করা হলে একটি দেশজ সংস্কৃতির প্রতি সুবিচার করা হবে না। কারণ, অশ্লীলতার জন্য যাত্রাশিল্পীরা দায়ী নন। এ দেশের চলচ্চিত্রও তো অশ্লীলতা আছে। সে কারণে চলচ্চিত্র কী বন্ধ করে দেওয়া হচ্ছে? বরং, প্রতি বছর চলচ্চিত্রে নতুন নতুন সিনেমার জন্য অনুদান দেওয়া হচ্ছে। শিল্পের অন্যান্য মাধ্যমের মতো যাত্রাশিল্পেও মধুসূদন, রবীন্দ্র-নজরুল ও বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কাজ করেছি এবং এখনো করছি। আমরা দায়বদ্ধতার পরিচয় দিচ্ছি। কিন্তু আমাদের জন্য কোন অনুদান নেই।’
যাত্রার নীতিমালা প্রসঙ্গে প্রবীণ এই যাত্রাভিনেতা বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি যাত্রানীতি-মালা প্রণয়নের কাজ শুরু হয়। বর্তমান সরকারের আমলে ২০১২ সালের ৩০ আগস্ট তা গেজেটভুক্ত হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে সেই নীতিমালার প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না। কোনো কোনো জেলা প্রশাসক এটাকে গুরুত্বই দিচ্ছেন না। এদিকে নীতিমালার আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ পর্যন্ত ৮৮টি যাত্রাদলকে নিবন্ধন করেছে। কিন্তু নিবন্ধিত দলগুলো অনেক অনুমতি সমস্যার কারণে গত মৌসুমে যাত্রা প্রদর্শনী করতে পারেনি।’
যাত্রাপালায় বিন্দুমাত্র অশ্লীলতা হয় না বলেও দৃঢ়ভাবে বললেন মিলন কান্তি দে। ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে পারি, যাত্রাপালায় কোনো প্রকার অশ্লীলতা হয় না। তবে যাত্রা শুরুর আগে কোনো কোনো এলাকার আয়োজক কমিটি যাত্রামঞ্চে অশালীন নৃত্যগীতের আয়োজন করে থাকেন। এই নৃত্যের জন্য বাধ্য করেন স্থানীয় রাজনীতিক গডফাদার ও প্রভাবশালীরা। কিন্তু এই অশ্লীলতা বন্ধের জন্য যাত্রা বন্ধ হয়ে যাবে? এ যেন মাথাব্যথা হলে মাথা কেটে ফেলারই নামান্তর।’
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী অক্টোবর মাসের মাঝামাঝি দেশের রাজনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক ও যাত্রাশিল্পীদের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করবে বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদ। সেখানে তাদের যে সুপারিশ থাকবে তা হলো—চলতি বছরের মধ্যে ঢাকায় একটি জাতীয় যাত্রামঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা। জেলা শিল্পকলা একাডেমির মতো জেলায় জেলায় সরকারি উদ্যোগে যাত্রামঞ্চ নির্মাণ করা। যাত্রাশিল্প একাডেমি করা। যাত্রানীতিমালা সংশোধন করা। যাত্রায় অশ্লীলতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। দুস্থ যাত্রাশিল্পীদের ভাতা প্রদানের পৃথক কোটা রাখা। মঞ্চ নাটকের মতো যাত্রার দলগুলোকে সরকারি অনুদান দেয়া। প্রতি বছর শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশীয় পালা নিয়ে যাত্রা উৎসবের আয়োজন করা ও যাত্রাশিল্পে প্রতিবছর একুশে পদক ও শিল্পকলা একাডেমি পদক প্রদান করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যাত্রা পালাকার আমিনুর রহমান সুলতান। তিনি বলেন, ‘শিল্প ও সংস্কৃতি অঙ্গনের অন্যান্য বিষয়ের মতো যাত্রা নিয়ে তেমন লেখালেখি হয় না। হয় না গবেষণাও। যাত্রাশিল্প পিছিয়ে থাকার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধক।’