ইউনেসকো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস আজ। এ উপলক্ষে আজ শিক্ষকদের সম্মান জানাবে নাটকের দল দৃশ্যপট। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দলটি আয়োজন করেছে ছাত্র-শিক্ষক সম্মিলনী ও নাট্যপ্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান। দৃশ্যপটের পরিচালক আলী মাহমুদ বলেন, আজ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী আর প্রবীণ শিক্ষিকা শ্রীমতী দেবিকা গুহকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠান শেষে থাকবে সক্রেটিসের জবানবন্দি নাটকের প্রদর্শনী।
আলী মাহমুদ বলেন, ‘আমরা অনেক বছর ধরে এই দিনটি আলাদাভাবে উদ্যাপন করছি। সক্রেটিসের জবানবন্দি নাটকটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মঞ্চস্থ করেছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নাটকটি একটি কোর্সের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এথিকস অ্যান্ড কালচার কোর্সের বিভিন্ন সেমিস্টারে নাটকটির প্রদর্শনী করছি। এ ছাড়া বিভিন্ন মঞ্চে এ পর্যন্ত নাটকটির ১১৬টি প্রদর্শনী করেছি।’
তিনি বলেন, আজকের আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।