'সোলায়মান প্রণোদনা' পাচ্ছেন রামিজ রাজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম সোলায়মান
এস এম সোলায়মান

এ বছর ‘এস এম সোলায়মান প্রণোদনা-২০১৬’ পাচ্ছেন তরুণ নাট্যকর্মী রামিজ রাজু। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে থিয়েটার আর্ট ইউনিট। প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতি বছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে এ প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট।
আসছে ৩০ অক্টোবর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করছে এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা। থিয়েটার আর্ট সূত্র জানায়, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্মারক বক্তৃতা দেবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যগবেষক আশিস গোস্বামী। আলোচক থাকবেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা। অনুষ্ঠানে থাকবে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান।

এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের আসামের ডিগবয় শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোলায়মান নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ত্রিশটিরও বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এ নাট্যব্যক্তিত্ব। নাট্যকর্মে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে একুশে পদক (মরণোত্তর) পান তিনি। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর এস এম সোলায়মান মারা যান।
এর আগে এস এম সোলায়মান প্রণোদনা গ্রহণ করেছে আমিনুর রহমান, সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা এবং পাবনা চাঁটমোহরের সমন্বয় থিয়েটার ও মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার।